২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূরজাহান বেগম দেশের নারী সাংবাদিকতার অগ্রদূত: ৮০তম জন্মবার্ষিকীর আয়োজনে বক্তারা

‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম বাংলাদেশের নারী সাংবাদিকতার অগ্রদূত। ভবিষ্যতেও তার আদর্শ এ দেশের নারী সাংবাদিকদের এগিয়ে যেতে নিয়ে যেতে সাহায্য করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

নূরজাহান বেগমের ৮০ তম জন্মবার্ষিকীতে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীরা এই আশাবাদ ব্যক্ত করেছেন। শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নারী সাংবাদিক কেন্দ্র নূরজাহান বেগমের জন্মবার্ষিকী পালন করে । নূরজাহান বেগম তার জন্মবার্ষিকীর আয়োজনে কেক কাটেন। আয়োজকরা তাকে ফুলেল শুভেচ্ছায় শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, চরম দুর্দিনে ৫০ বছরেরও বেশী সময় ধরে বেগম পত্রিকা এদেশের নারী সাংবাদিকদের এগিয়ে যেতে সাহায্য করেছে। নূরজাহান বেগম শুধু সাংবাদিকই নয়, লেখক তৈরীতেও অনবদ্য ভূমিকা রেখেছেন।

লেখক রিজিয়া রহমান বলেন, বেগম পত্রিকা কোনো গতানুগতিকধারার পত্রিকা নয়। তাই নূরজাহান বেগমের মত মানুষ যেনো বারবার আমাদের মধ্যে ফিরে আসে।

নূরজাহান বেগম বলেন, বয়সের ধর্ম আমাকে মেনে নিতে হচ্ছে। অসুস্থতা ধীরে ধীরে আমাকে গ্রাস করছে।

তিনি নারী সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, এখনও আমাদের সামনে অনেক প্রতিকূলতা রয়েছে। কিন্তু সব বাধা কাটিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আরো বহু দূর।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাজমুন আরা হক।

নূরজাহান বেগমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষাবিদ আনিসুজ্জামান, প্রথম নারী ফটো সাংবাদিক সাঈদা খানম, মহিলা পরিষদের বুলা ওসমান প্রমুখ। তাকে ক্রেস্ট প্রদান করেন নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাজমুন আরা হক, সাঁঝের মায়া ট্রাস্টের নার্গিস জাফর।