২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক অনুপস্থিতি: জাবির শিক্ষা কার্যক্রম ব্যাহত

শিক্ষকদের বিবিধ রকমের ছুটিজনিত অনুপস্থিতির কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। মোট ৪২০ জন শিক্ষকের মধ্যে ১০৬ জন শিক্ষক বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত আছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2005, 01:38 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

এছাড়াও দেড় শতাধিক শিক্ষক নিয়ম বহির্ভূতভাবে কনসালটেন্সি ও অন্যান্য চাকুরীতে নিযুক্ত রয়েছেন বলে জানা গেছে। ফলে শিক্ষার মানে ধ্বস নামছে এবং শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ৪২০টি পদের মধ্যে বর্তমানে ৩১৪ জন শিক্ষক রয়েছেন। এদের মধ্যে অধ্যাপক পদে ১৩২ জন, সহযোগী অধ্যাপক পদে ৫৪ জন, সহকারী অধ্যাপক পদে ৫৬ জন ও প্রভাষক পদে ৭২ জন কর্মরত আছেন।

বর্তমানে ১০৬ জন শিক্ষক উচ্চতর ডিগ্রী অর্জন, স্যাবাটিক্যাল লিভ, বিনা বেতনে লিয়েন ও অন্যান্য কারণে ছুটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করছেন। এদের মধ্যে বিদেশে অবস্থানরত প্রায় ১৫ জন শিক্ষকের অনুমোদিত ছুটি শেষ হলেও তারা এখনও বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেননি।

ইতোমধ্যে অননুমোদিতভাবে বিদেশে অবস্থানরত ২ জন শিক্ষককে চাকরীচ্যুত করেছে সিন্ডিকেট।

এদিকে, নিয়ম বহির্ভূতভাবে দেড় শতাধিক শিক্ষক কনসালটেন্সি ও অন্যান্য চাকুরীতে জড়িত থাকায় শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। জাবির ব্যবসা প্রশাসন, অর্থনীতি, ইংরেজী, পরিসংখ্যান এবং কম্পিউটার এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকরাই কনসালটেন্সির সঙ্গে বেশি জড়িত।

এদের বেশির ভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, এনজিও, ব্যবসায় প্রতিষ্ঠান ও দেশী-বিদেশী সংস্থায় কনসালটেন্ট হিসেবে কাজ করেন।

অভিযোগ রয়েছে, যে সকল শিক্ষক কনসালটেন্সির সাথে জড়িত তারা নিয়মিতভাবে ক্লাস নেন না।

শিক্ষকদের পার্টটাইম চাকুরীর কারণে পাঠদান সমস্যা ছাড়াও পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব ঘটে। কোনও কোনও বিভাগে পরীক্ষার ৩ মাস পরও ক্লাস শুরু হয় না। পরীক্ষার ফলাফলের জন্য ছাত্রছাত্রীদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয়।

অনুসন্ধানে জানা যায়, কনসালটেন্সিতে নিয়োজিত দেড় শতাধিক শিক্ষকের মধ্যে ১৫ জন অনুমতি নিয়েছেন।

নিয়মানুযায়ী একজন অধ্যাপকের সপ্তাহে ১২টি, সহযোগী অধ্যাপকের ১৪টি, সহকারী অধ্যাপকের ১৬টি এবং প্রভাষকের ১৯টি ক্লাস নেওয়ার কথা থাকলেও অধিকাংশ শিক্ষক তা নেন না।

শিক্ষকরা ঠিকমত ক্লাস নেন না বলে ছাত্রছাত্রীরা প্রায়ই অভিযোগ করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে তদারকি না করায় শিক্ষার মান দিন দিন নিম্নমুখী হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ ব্যাপারে উপ-উপাচার্য অধ্যাপক মো. এনামুল হক খান বিডিনিউজকে বলেন, শিক্ষক স্বল্পতার কারণে শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।

তিনি বলেন, যেসব শিক্ষক বিদেশ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত না আসবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।