নেত্রকোনায় ঘুর্ণিঝড়ে নিহত ৩, আহত দেড়শতাধিক
নেত্রকোনা সদর, মদন ও আটপাড়া উপজেলার ওপর দিয়ে শুক্রবার সন্ধ্যায় বয়ে যাওয়া প্রচণ্ড ঘুর্ণিঝড়ে দুইজন শিশুসহ কমপক্ষে তিনজন নিহত এবং আরও দেড় শতাধিক আহত হয়েছে।
তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায় নি। গুরুতর আহত ৪০ থেকে ৫০ জনকে ময়মনসিংহ, মদন ও আটপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, সন্ধ্যার দিকে হঠাৎ শুরু হওয়া ঝড়ে ওই তিন থানার ২০ থেকে ২৫ টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়। এছাড়াও ঝড়ে ছয় থেকে সাত’শ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্ত এলাকার অনেক জায়গায় বিদ্যুতের খুটি উপড়ে যায়। বেশি ক্ষতিগ্রস্ত মদনে বর্তমানে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
অন্যদিকে, ঝড়ের খবর পেয়ে নেত্রকোনায় সফররত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার নির্বাচনী এলাকা মদনে পৌছেছেন বলে জানা গেছে।
