নেপালের রাজনৈতিক পরিস্থিতি থেকে বাংলাদেশের নেতাদের শিক্ষা নেয়া উচিত: মাহফুজ আনাম
ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, নেপালের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি থেকে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক নেতাদের শিক্ষা নেওয়া উচিত।
তিনি বলেন, নেপালে গণতন্ত্র না থাকায় সেখানের রাজনৈতিক পরিস্থিতি খুবই উত্তপ্ত। এটা দক্ষিণ এশিয়ার গণতন্ত্রের জন্য একটি বড় বাধা। নেপালে রাজনৈতিক নেতৃবৃন্দ ও রাজার মধ্যে ব্যাপক দ্বন্দ্ব বিরাজ করছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘নেপালের রাজনৈতিক ঘটনা এবং দক্ষিণ এশিয়ায় এর বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
মাহফুজ আনাম বলেন, রাজা জ্ঞানেন্দ্র রাজতন্ত্রকে আরও শক্তিশালী করতে চান। সেখানকার রাজনীতির ক্ষেত্রে মাওবাদীদের কোনও সমর্থন না থাকায় তারা কেবল সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। ফেব্রুয়ারিতে সেনাবাহিনীর সহায়তায় রাজা জ্ঞানেন্দ্র রাষ্ট্রীয় ক্ষমতা করায়ত্ব করার পর জনগণের মৌলিক অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা লংঘনের ঘটনা ঘটে চলেছে অহরহ।
সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস’র (এসএএইচআর) বাংলাদেশ শাখা, আইন ও শালিস কেন্দ্র (এএসকে) এবং বাংলাদেশ মানবাধিকার সমিতি যৌথভাবে এ আলোচনার আয়োজন করে।
মাহফুজ আনামের নেতৃত্বে এসএএইচআর’র একটি প্রতিনিধিদল এপ্রিলে নেপাল সফরে যান। সেখানকার রাজনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে জানার জন্য তারা নেপাল সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের সদস্য ও মানবাধিকার কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন।
মাহফুজ আনাম তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, দেশের ভবিষ্যত সম্পর্কে নেপালের রাজনৈতিক নেতাদের দূরদর্শীতার অভাব রয়েছে। তিনি বলেন, আমাদের দেশে গণতন্ত্রের যারা সুবিধাভোগী নেপালের পরিস্থিতি থেকে তাদের শিক্ষা নেয়া উচিত এবং গণতন্ত্র আরও শক্তিশালী করতে কাজ করা উচিত। নেপালের কাছ থেকে আমাদের শিক্ষা নেয়ার অনেক কিছু রয়েছে।
তবে ঢাকায় অবস্থিত নেপালী দূতাবাসের উপ-প্রধান ও কনস্যুলার মন্ত্রী ইউগ নাথ প্যাডেল মাহফুজ আনামের বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করে বলেন, নেপালে সংবিধান কার্যকর রয়েছে এবং মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে না।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাওয়ায় রাজা জ্ঞানেন্দ্র নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠায় সাময়িকভাবে ক্ষমতা অধিগ্রহণ করেছেন।
এসএএইচআর’র চেয়ারম্যান অ্যাডভোকেট সিগমা হুদার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সার্কের সাবেক মহাপরিচালক আবুল আহসান, অধ্যাপক অজয় রায়, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ড. হামিদা হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদিলুর রহমান, অ্যাডভোকেট এলিনা খান প্রমুখ।
