২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রসফায়ারের ঘটনায় ইউরোপীয় কমিশনের আবারও উদ্বেগ প্রকাশ

বাংলাদেশে ইউরোপীয় কমিশন প্রতিনিধিদলের প্রধান এসকো কেনশিয়েনস্কি বৃহস্পতিবার আবারও ক্রসফায়ারে মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং এসব ঘটনায় সুষ্ঠু তদন্তের ওপর জোর দিয়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

খুলনা প্রেসক্লাবে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে এসকো বলেন, আমরা ক্রসফায়ারের ঘটনায় উদ্বিগ্ন এবং সরকারের উচিত এসব ঘটনা তদন্ত করে দেখা।

খুলনায় ‘প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-২’ এর কর্মকান্ড ও চিংড়ি শিল্প পরিদর্শনে ইউরোপীয় কমিশন প্রতিনিধিদলের প্রধান এসকো দু দিনের সফরে খুলনা অবস্থান করছেন।

সফরের অংশ হিসেবে তিনি খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে আলাপকালে তাদের দাবি-দাওয়ার সাথে একাত্মতা প্রকাশ করেন। খুলনা প্রেসক্লাবের সাংবাদিকরা গত দু বছরে সন্ত্রাসীদের হামলায় তাদের কয়েকজন সহকর্মীকে হারিয়েছে।

এস্কো’র সফরসঙ্গী ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের বাংলাদেশ বিষয়ক ডেস্ক অফিসার আনা বিট্রিজ মার্টিনস প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকদের জানান, তারা বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।

তিনি বলেন, র‌্যাব কর্তৃক ‘ক্রসফায়ারে’ মৃত্যুর ঘটনাও পর্যবেক্ষণ করছে ইউরোপীয় কমিশন। কমিশন দেখতে চায় বাংলাদেশে আইনের সুষ্ঠূ বাস্তবায়ন হচ্ছে।

তিনি সাংবাদিকদের জানান, যখনই আমরা সরকারি কর্মকর্তাদের সাথে কথা বলি, গণমাধ্যমের স্বাধীনতা’র বিষয়টি গুরুত্বের সাথে স্থান পায়।

এসকো বলেন, যে কোন সহিংস হামলাই গণতন্ত্রের ওপর হামলা। তিনি বলেন, যে কোন দেশের গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের উজ্জীবিত গণমাধ্যম এর গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

চিংড়ি শিল্প পরিদর্শন বিষয়ে এস্কো বলেন, শিল্পটির ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও এর কিছু সমস্যা রপ্তানিকে বাধাগ্রস্ত করছে।

এ খাতে ইউরোপীয় কমিশনের সহযোগিতার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সরকার ও রপ্তানিকারকদের এ শিল্পের সমস্যার সমাধানে পদক্ষেপ গ্রহণ করা উচিত।