কুমিল্লা ইপিজেড-এ উত্তেজনা, শ্রমিকদের ওপর গুলি ও টিয়ারগ্যাস, আহত ১২
কুমিল্লা ইপিজেড-এ শ্রমিকরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বৃহস্পতিবার সকালে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করলে নিরাপত্তায় নিয়োজিত আনসারদের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটলে পাঁচ আনসারসহ ১২ জন আহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আনসার সদস্যরা নয় রাউন্ড গুলি চালায়।
কুমিল্লা ইপিজেড-এর সাতটি কারখানার প্রায় ১৬শ নারী-পুরুষ শ্রমিক তাদের বিভিন্ন দাবি নিয়ে বুধবার থেকে আন্দোলন শুরু করে। ইপিজেড-এর নর-পার্ল স্যুয়েটার কোম্পানি শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনের সূত্রপাত ঘটে বলে সংশ্লিষ্টরা জানায়।
আন্দেলনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে শ্রমিকরা ব্যানার নিয়ে মিছিল বের করে এবং ইপিজেডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। এক পর্যায়ে আন্দোলন থামাতে বেপজা কর্তৃপক্ষের নির্দেশে নিজস্ব আনসার গুলি ছুঁড়লে আন্দেলনকারীরা ক্যাম্পাসে ব্যাপক ভাংচুর শুরু করে এবং দুটি মোটরবাইকে আগুন লাগিয়ে দেয়। আন্দোলনকারীরা প্রশাসন ভবনেও ভাংচুর করে।
এর দুই ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া করলে শ্রমিকরা জেলার টমছমব্রীজ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাদুয়ার বাজার চৌরাস্তায় গিয়ে অবরোধের পরিকল্পনা নিলে পুলিশ কুমিল্লা-চাঁদপুর সড়কের জাঙ্গালিয়া নামক স্থানে তাদের গতিরোধ করে। এসময় পুলিশ লাঠিচার্জ করে এবং ১২ রাউন্ড ফাঁকা গুলি ও চার রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষুদ্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।
কুমিল্লা ইপিজেড এর মহাব্যবস্থাপক ফজলুর রহমান জানান, দাবি দাওয়ার ব্যাপারে শ্রমিকদের পক্ষ থেকে কর্তৃপক্ষের সাথে এপর্যন্ত কেউ কথা বলেনি এবং নর-পার্ল কর্তৃপক্ষও শ্রমিক অসন্তোষের ব্যাপারে ইপিজেড কর্তৃপক্ষকে অবহিত করেনি।
