চট্টগ্রামে সরকারি মালিকানাধীন পাহাড় দখলের জন্যে সন্ত্রাসী হামলার পর এলাকাবাসির মধ্যে আতঙ্ক
চট্টগ্রামের সলিমপুরে সরকারি মালিকানাধীন পাহাড়ী এলাকা দখলের উদ্দেশ্যে বুধবার বিএনপির একটি সন্ত্রাসী গ্রুপের হামলার পর জমিতে বসবাসকারি দু’শ পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
২০০২ সালে বিএনপির চট্টগ্রাম মহানগর কমিটির সাবেক নেতা ও একজন প্রতিমন্ত্রী সমর্থিত বিএনপির পাহাড়তলী থানার দুজন নেতা ১০ থেকে ১৫ হাজার টাকা নিয়ে ওই পরিবারগুলোকে সলিমপুরের সরকারি জমিতে পুনর্বাসন করেছিল। কিন্তু ২০০৪ সালে প্রতিমন্ত্রী সমর্থিত অপর একটি গ্রুপ পহাড়াতলী গ্রুপকে হটিয়ে পুরো এলাকায় কর্তৃত্ব প্রতিষ্ঠা করে।
বুধবার পাহাড়তলী গ্রুপ পুনরায় কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্যে সলিমপুর গেলে সেখানে বসবাসকারিদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পাহাড়তলী গ্রুপের সন্ত্রাসীরা সে সময় কয়েকটি ঘর ভাংচুর করে এবং আগুন জ্বালিয়ে দেয়।
পুলিশ ও র্যাবের উপস্থিতিতে সন্ত্রাসীরা পিছু হটলেও এলাকায় এখনও আতঙ্ক কমেনি।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম এ প্রসঙ্গে বিডিনিউজকে বলেন, এ এলাকায় বসবাসকারি এবং দখলকারি সবাই অবৈধ।
পুলিশ ও এলাকাবাসি সূত্র জানিয়েছে, সলিমপুর এলাকায় পাহাড়ী জমিতে বিশ্বব্যাংকের অর্থায়নে গৃহায়ন কর্তৃপক্ষ ক্ষুদ্র আয়ের মানুষদের জন্যে আবাসিক এলাকা প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে। কিন্তু একজন প্রতিমন্ত্রীর নির্দেশে গৃহায়ন কর্তৃপক্ষের কাছ থেকে বেশি ক্ষতিপূরণ আদায়ের উদ্দেশ্যে রাতারাতি এ জমিতে দু’শ ঘর নির্মাণ করা হয়।
