২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া: শনিবার সিএমসি’র সঙ্গে চুক্তি

বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের জন্য চায়না মেশিনারি এক্সপোর্ট ইমপোর্ট কর্পোরেশন (সিএমসি)’র সঙ্গে চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 06:22 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

আগামী ৪ জুন শনিবার ৭১ মাস মেয়াদের জন্য বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড এবং সিএমসি’র মধ্যে এই চুক্তি স্বাক্ষর হবে।

চুক্তির আওতায় সিএমসি আগামী ৭১ মাসে এই খনি থেকে ৪ দশমিক ৭৫ মিলিয়ন মেট্রিক টন কয়লা উত্তোলন করবে। সিএমসি প্রতি মেট্রিক টন কয়লার জন্য পাবে ১৭ দশমিক ২৩৬ মার্কিন ডলার। অর্থাৎ এই সময়কালে কয়লা উত্তোলন, রক্ষণাবেক্ষণ এবং খনি ব্যবস্থাপনার জন্য সিএমসি প্রায় ৮২ মিলিয়ন মার্কিন ডলার পাবে।

বড়পুকুরিয়া কয়লা খনি উন্নয়নের জন্য ১৯৯৪ সালে প্রথম প্রকল্প গ্রহণ করা হয়। তবে খনি উন্নয়ন কাজ শুরু হয় ১৯৯৬ সালে। ১৯৯৮ সালে একটি দুর্ঘটনার কারণে খনির ভেতর প্লাবিত হয়ে পড়ায় উন্নয়ন কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

পরে খনি উন্নয়নের নকশা, ডিজাইন এবং লে-আউট পরিবর্তন করে ২০০০ সালে আবার উন্নয়ন কাজ শুরু করে সিএমসি। চলতি বছরের ৩১ মে পুরো কাজ শেষ হয়।

দেশের প্রথম এই কয়লা খনি উন্নয়নে মোট খরচ হয়েছে ১৯৪ দশমিক ৯১ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বৈদেশিক মুদ্রার পরিমাণ ছিলো ১২৪ দশমিক ৮৪ মিলিয়ন ডলার এবং স্থানীয় মুদ্রায় ৭০ দশমিক ০৪ মিলিয়ন ডলার। আর এতে চীনের সাপ্লায়ার্স ক্রেডিট ছিলো ১০৯ দশমিক ২ মিলিয়ন ডলার।

চুক্তির পর সিএমসি তার প্রস্তুতি শেষ করতে এক মাস সময় নেবে। আগামী জুলাই থেকে বড়পুকুরিয়া কয়লা খনি উৎপাদন শুরু করবে।

বড়পুকুরিয়া থেকে উত্তোলিত প্রতি মেট্রিক টন কয়লার দাম হবে ৬০ মার্কিন ডলার। এই কয়লা ব্যবহার করে দেশের প্রথম কয়লা চালিত বড়পুকুরিয়া বিদ্যুত কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট আগামী অক্টোবর মাসে উৎপাদন শুরু করবে বলে আশা করা হচ্ছে।