এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন কফি আনান
জাতিসংঘ মহাসচিব কফি আনান বলেন, এইডস বিস্তার রোধে যদিও কয়েকটি দেশ সফলতা অর্জন করেছে তারপরও সারা বিশ্বে এ রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ছে।
চার বছর আগে জাতিসংঘের এইডস ও এইচআইভি নিয়ে সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার কতটুকু লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে তা নির্ণয়ের জন্য বৃহস্পতিবার মন্ত্রীপর্যায়ের বৈঠককে সামনে রেখে এ রিপোর্ট প্রকাশ করা হয়েছে।
জাতিসংঘ মহাসচিব বলেন, যদিও কমিউনিটি পর্যায়ে এইডস প্রতিরোধে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে কিন্তু তা-ই যথেষ্ট নয়।
জাতিসংঘের সদস্য দেশগুলোর সরকারের উদ্দেশে তিনি বলেন, সরকারগুলোর প্রতিশ্রুতির যথাথর্তা পূরণের এখনই চূড়ান্ত সময়।
সহস্রাব্দ ঘোষণা কতদূর বাস্তবায়িত হয়েছে তা নিয়ে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘে যে আলোচনা হবে তাতে এইডস ও এইচআইভির প্রসঙ্গও থাকবে।
তিনি বলেন, গত ২০০১ সালের জাতিসংঘ বিশেষ অধিবেশনে এইডস ও এইচআইভি প্রতিরোধে ২০০৫ সালের মধ্যে যে লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছিল তা সফল করতে বিশ্বকে আরও বেশি সক্রিয় হতে হবে।
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় ২০১৫ সালের মধ্যে এইচআইভি ও এইডসের বিরুদ্ধে সফল হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছিল। সে অনুযায়ী ২০০৫ সালের মধ্যে ১৫ থেকে ২৪ বছর বয়সীদের সংক্রমণ ২৫ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা স্থির করা হয়। কিন্তু বাস্তবে দেখা গেছে এখনও এইচআইভ আক্রান্তদের অর্ধেক ওই বয়স সীমার মধ্যেই রয়েছে। ইউএনএইডসের এক্সিকিউটিভ ডিরেক্টর ড. পিটার পিয়ট বলেন, এইডস একটি সংকটময় পরিস্থিতিতে উন্নীত হয়েছে। এইচআইভি ও এইডসের চিকিৎসায় বিশ্বের সম্মিলিত সহায়তা প্রয়োজন এবং এটিই বিশ্বের দ্রুত প্রধান অজর্ন হওয়া উচিত।
রিপোর্টে দেখা গেছে, ২০০৪ সালে ৬০ লক্ষ আক্রান্তের মধ্যে মাত্র ১২ শতাংশ চিকিৎসা পায়। ২০০৩ সালে যৌন কর্মী চিকিৎসার যে লক্ষ্যমাত্রা ছিল তার মধ্যে মাত্র ১৬ শতাংশ, সমকামীদের মধ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রার মাত্র ১১ শতাংশ, পথশিশুদের মাত্র ২০ শতাংশ, মাদক ব্যবহারকারীদের মাত্র পাঁচ শতাংশ চিকিৎসার সুযোগ পেয়েছে।
