২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পিতা নিহত, ২ পুত্র আহত

শেরপুর সদর উপজেলার তারাগড় গ্রামে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আলহাজ্জ্ব ময়েজ উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত এবং তার দুই পুত্র আহত হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 10:39 AM

Updated : 26 Apr 2022, 05:43 PM

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তারাগড় গ্রামের ময়েজ উদ্দিনের পাঁচ শতাংশ জমিতে একই গ্রামের প্রতিবেশী ফজি মুন্সি তার পরিবারের লোকজন নিয়ে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে জোরপূর্বক খুঁটি পুঁতে দখল করতে আসে। এসময় ময়েজ উদ্দিন ও তার দুই পুত্র বাঁধা দিলে প্রতিপক্ষরা ধারালো ফালা দিয়ে তাদেরকে আঘাত করে এবং ঘটনাস্থলেই ময়েজ উদ্দিন নিহত হয়। এ ঘটনায় নিহতের দুই পুত্র আমিনুল ইসলাম (৫০) ও নুর ইসলাম (৩৫) গুরুতর আহত হয়। আহত আমিনুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং অপরজনকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পর হত্যাকারীরা বাড়িঘর ফেলে পালিয়ে যায়। নিহতের লাশ শেরপুর জেলা হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এব্যাপারে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।