কেরাণীগঞ্জে আটক ২০০, গ্রেপ্তার এড়াতে শত শত লোক ঘরছাড়া
কেরানীগঞ্জে মঙ্গলবার রাতে পুলিশের গ্রেপ্তার অভিযানের পর বিরোধী দলের নেতাকর্মীরা হয়রানি ও গ্রেপ্তার এড়াতে ঘর বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
মধ্য রাতে অভিযান চালিয়ে দুই শতাধিক ব্যক্তিকে আটক করলেও পুলিশ মাত্র ১৩ জনকে আটক এবং পাঁচটি মামলা করার কথা স্বীকার করেছে।
স্থানীয়রা বলছেন পুলিশ আটক ব্যাক্তিদের কাছ থেকে ঘুষ নেয়ার জন্য এই অভিযান চালিয়েছে। এ অভিযানকে তারা ‘গ্রেফতার ব্যাবসা’ বলে অভিহিত করেছেন।
একটি সূত্র জানায়, গ্রেফতার অভিযানের সময় পুলিশ ক্ষমতাসীন দলের সদস্য ছাড়া যাকে সামনে পেয়েছে তাকেই আটক করেছে।
স্থানীয়দের অভিযোগ পুলিশ আটককৃত প্রত্যেকের কাছ থেকে এক থেকে পাঁচ হাজার টাকা ঘুষ নিয়ে মুক্তি দিয়েছে।
বিরোধী দলের সমর্থকরা গ্রেপ্তার এড়াতে বুড়িগঙ্গা সাতরিয়ে এলাকা ত্যাগ করেছে।
পুলিশ অবশ্য এ অভিযানকে মাদক বিরোধী অভিযান বলে উল্লেখ করেছে।
কেরাণীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ মোহসিন বিডিনিউজকে বলেন, তারা ১৩ জনকে আটক করেছে এবং গাঁজা, ফেন্সিডিল ও হেরোইন উদ্ধার এবং এর সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।
কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান গণগ্রেপ্তারের কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, কেরণীগঞ্জকে মাদক মুক্ত করার লক্ষ্যেই এ অভিযান চালানো হয়েছে।
