রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে দুইজন আহত
রাজধানীর মিরপুরে বুধবার পৃথক দু’টি ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে গার্মেন্টস মালিকসহ দুইজন আহত হয়েছে।
আহতরা হলেন ৮৫, শাহ আলীবাগের বাসিন্দা কামাল ফ্যাশনের মালিক হেলালউদ্দিন মাতবর (৪০) এবং নির্মান শ্রমিক সাইফুল ইসলাম।
গার্মেন্টস ব্যবসায়ী ও মিরপুরের ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতা হেলাল সকাল সাড়ে আটটায় নিজের অফিসে যাওয়ার পথে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে তার হাত ও পিঠে গুলি লাগে।
স্থানীয় লোকজন তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সন্ত্রাসী জাকিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার উপর গুলি চালায় বলে তার পরিবার থেকে অভিযোগ করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।
অপরদিকে, মিরপুরের হাজী আব্দুল মজিদের মালিকানাধীন জনতা হাউজিংয়ের নির্মান শ্রমিক সাইফুল ইসলাম একই দিন অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছে।
জনতা হাউজিং কর্তৃপক্ষ বলেছে, চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে। আহত সাইফুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
