২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় চাঁদার টাকা না পেয়ে জামাত নেতার কার্গোতে বিএনপি ক্যাডারদের হামলা

খুলনার ফুলতলা উপজেলায় বুধবার চাঁদার টাকা না পেয়ে জেলা জামাত নেতার বালু ভর্তি কার্গোতে হামলা চালিয়ে ৬ জনকে গুরুতর আহত করেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠুর সশস্ত্র ক্যাডার বাহিনী।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 07:08 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

সুত্র জানায়, জেলা জামাতের সেক্রেটারী মুন্সী মঈনুল ইসলাম টেন্ডারের মাধ্যমে বাংলাদেশ ফার্টিলাইজার এন্ড এগ্রো কেমিকেল কোম্পানির ভবন নির্মানের কাজ পান। ভবন নির্মানের কাজ বাবদ বিএনপি নেতা মিঠু তার কছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে মিঠুর নেতৃত্বে ১০/১৫ জনের একটি সন্ত্রাসী দল মুন্সী মঈনুলের বালুভর্তি একটি কার্গোতে হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে কার্গোর ম্যানেজার বেলাল (৪০), খালেক (৪৫), চালক সাত্তার (৫০), বাবুর্চি নাসির (১৬), ফিরোজ (৩৫) ও রবিউল আহত হয়। তাদের খুলনা ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সন্ত্রাসীদের হামলায় কার্গোর প্রায় দুই লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে চাঁদা দাবি ও হুমকির ঘটনায় মিঠুর বিরুদ্ধে মুন্সী মঈনুল ৩টি জিডি করেন। হামলার ব্যাপারে বিএনপি নেতা মিঠুর কাছে জানতে চাওয়া হলে তিনি চাঁদাবাজি ও হামলার কথা অস্বীকার করেন।