২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলমডাঙ্গা বিএনপি অফিসের সামনে বোমা হামলা, আহত ৩

আলমডাঙ্গা বিএনপি কার্যালয়ের সামনে মঙ্গলবার রাত পৌনে ১২টায় এক ভয়াবহ বোমা বিস্ফোরণে পৌরসভার চেয়ারম্যানসহ তিন জন গুরুতর আহত হয়েছে। বোমার আঘাতে স্থানীয় এক সাংবাদিকের হাত উড়ে গেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 06:53 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

হামলায় জেলা বিএনপি‘র সিনিয়র সভাপতি ও আলমডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান মীর মহিউদ্দিন ও তার সহোদর মীর ইসমাইল এবং স্থানীয় দৈনিক মাথাভাঙ্গা’র সাংবাদিক আতিয়ার রহমান মুকুল আহত হয়েছেন।

কারা হামলা চালিয়েছে এ ব্যাপারে কোনও কিছু জানা না গেলেও আহত পৌর চেয়ারম্যানের পরিবারের পক্ষ থেকে অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

সাংবাদিক আতিয়ার রহমান মুকুলকে ঘটনার রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা উড়ে যাওয়া ডান হাতটির অবশিষ্টাংশ গোড়া থেকে সার্জারি করে ফেলে দেয়। তাকে বুধবার সকাল ৭টায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে আহত পৌর চেয়ারম্যান ও তার ভাইকে কুষ্টিয়ায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মীর মহিউদ্দিন ১৪/১৫ জন সমর্থক নিয়ে পার্টি অফিসের সামনে সাংবাদিক আতিয়ার রহমান মুকুলের সাথে কথা বলার সময় পাশের একটি বাড়ির ছাদ থেকে ১০/১২টি বোমা নিক্ষেপ করা হয়।

আহত বিএনপি নেতা মীর মহিউদ্দিন’র স্ত্রী জিয়াউন্নাহার সাংবাদিকদের বলেন, অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ বিস্ফোরণ ঘটেছে।

আলমডাঙ্গার থানার ওসি আব্দুল বাছেদ খান পিপিএম একই মন্তব্য করেন।

পুলিশ এ ঘটনায় ৪ বিএনপি কর্মীকে সন্দেহজনকভাবে আটক করেছে।

এদিকে চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিষ্ট পার্টি (এম.এল-কমিউনিষ্ট যুদ্ধ) নামে একটি পক্ষ থেকে মোবাইলের মাধ্যমে বোমা হামলার দায়িত্ব স্বীকার করে স্থানীয় পত্রিকা অফিসে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তাদের টার্গেট মীর মহিউদ্দিন ছিল বলে বিবৃতিতে উল্লে¬খ করা হয়।

এদিকে বোমা হামলার প্রতিবাদে মীর মহিউদ্দিনের সমর্থকরা বুধবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত হরতালের ডাক দিলে ঢিলেঢালা ভাবে হরতাল পালিত হয়েছে।