বাংলাদেশে সিলেটের নারীরা সবচেয়ে শীর্ণকায়: বিডিএইচএস জরিপ
সিলেটের নারীরা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সবচেয়ে বেশি আর খুলনার নারীরা কম শীর্ণকায়।
বাংলাদেশ ডেমোগ্রাফিক এন্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) জরিপ ২০০৪-এ তথ্য প্রকাশ করা হয়েছে। জরিপ প্রতিবেদন অনুযায়ী অপুষ্টিজনিত কারণেই সিলেটের নারীরা সবচেয়ে বেশি শীর্ণকায়।
জরিপে দেখানো হয়, সিলেটের ৪৮ শতাংশ নারীই শীর্ণকায় আর খুলনার ২৯ শতাংশ নারী শীর্ণকায়।
বিডিএইচএস ২০০৪ অনুযায়ী গ্রামাঞ্চলে ৩৭ এবং শহরাঞ্চলের ২৫ শতাংশ নারী শীর্ণকায়।
বাংলাদেশের নারীদের গড় উচ্চতা চার দশমিক ৯৫ ফুট বা ১৫১ সেন্টিমিটার। এটি গ্রহণযোগ্য উচ্চতা চার দশমিক ৭৫ ফুটের (১৪৫ সেন্টিমিটার) চেয়ে বেশি। জরিপ অনুযায়ী, ৩৪ শতাংশ নারীই মারাত্মক অপুষ্টিতে ভুগছে।
অন্যদিকে, প্রতি দশ জনে একজন নারীর ওজন অত্যধিক। তবে মায়েদের পুষ্টিজনিত অবস্থার বেশ উন্নতি হয়েছে বলে জরিপে উল্লেখ করা হয়। ১৯৯৬-৯৭ সাল থেকে মায়েদের পুষ্টিজনিত সমস্যা কমতে শুরু করে। ওই বছর ৫২ শতাংশ মা পুষ্টি সমস্যায় ভুগলেও ২০০৪ সালে তা নেমে আসে ৩৮ শতাংশে।
জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) ইউএসএইড’র সহযোগিতায় জরিপ কাজটি সম্পন্ন করে। ১০-৪৯ বছর বয়সী ১১ হাজার ৪৪০ জন নারী ও ১৫-৫৪ বছর বয়সী ৪,২৯৭ জন পুরুষকে জরিপের অর্ন্তভুক্ত করা হয়েছিল।
