২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে এক হুন্ডি ব্যবসায়ীর কাছ থেকে ৩২ লাখ টাকা ছিনতাই

জেলা সদরের ঈদগাঁও স্টেশনে ৮/১০ জনের একদল সশস্ত্র যুবক ছুরিকাঘাত করে জনৈক হুন্ডি ব্যবসায়ীর কাছ থেকে ৩২ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 12:07 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় হুন্ডি ব্যবসায়ী কলিম উল্লাহ ঈদগাঁও ষ্টেশনের উত্তরপার্শ্বে গোমাতলী সড়কের জাহানারা উচ্চ বালিকা বিদ্যালয়ের রাস্তার মাথায় চট্টগ্রামের একটি হুন্ডি ব্যবসায়ী গ্রুপের কাছ থেকে ওই টাকা গ্রহণ করে।

পরে মোটর সাইকেল নিয়ে ফিরে যাওয়ার সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা অস্ত্রধারী যুবকেরা কলিম উল্লাহকে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। আহত কলিম উল্লাহকে গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা যায়।

জানা গেছে, ঈদগাঁওসহ কক্সবাজার সদরের প্রচুর লোক মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বসবাস করে। এক দল হুন্ডি ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই অবৈধভাবে হুন্ডির মাধ্যমে প্রবাসীদের টাকা লেনদেন করে আসছে।

হুন্ডির টাকা লেনদেনের সাথে ঈদগাঁও এলাকার একজন ইউপি চেয়ারম্যানসহ বেশ কিছু চিহ্নিত লোকও জড়িত রয়েছে বলে জানা যায়।

পাওনাদারদের অভিযোগ, হুন্ডি ব্যবসায়ী কলিম উল্লাহ টাকা আত্মসাতের জন্য ছিনতাইয়ের ঘটনাটি ঘটিয়েছে।