২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমসটেক’র বৈঠক বুধবার শুরু হচ্ছে

বিমসটেক পররাষ্ট্র সচিবদের সমন্বয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক (এসওএম) বুধবার থেকে ঢাকায় শুরু হচ্ছে। বৈঠকে যোগ দিতে ইতোমধ্যে প্রতিনিধিরা ঢাকায় পৌঁছেছেন এবং মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাঁরা এক নৈশভোজে মিলিত হন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 10:45 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

বিমসটেক কর্মকর্তারা এর আগে এক অনানুষ্ঠানিক সভায় বুধবারের বৈঠকের আলোচ্যসূচী নিয়ে মত বিনিময় করেন।

বুধবার সকাল ১০ টায় হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মালটি-সেক্টরাল টেকনিক্যাল এণ্ড ইকোনোমিক কো-অপারেশন (বিমসটেক)’-এর এ বৈঠকের উদ্বোধন করবেন।

আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম বিমসটেকের সভাপতি হিসেবে থাইল্যাণ্ডের মেয়াদ শেষ হওয়ায় বাংলাদেশ এবারের বৈঠকে সভাপতির পদ গ্রহণ করবে।

ফোরামের সাতটি সদস্য দেশের প্রতিটি-ই এ বৈঠকে অংশ নিচ্ছে। এতে বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে, শ্রীলঙ্কা প্রযুক্তি বিষয়ে, মায়ানমার জ্বালানির ওপর, থাইল্যাণ্ড মৎস্য বিষয়ে এবং ভারত পরিবহন, যোগাযোগ ও পর্যটন বিষয়ে তাদের প্রতিবেদন উপস্থাপন করবে।

এর আগে সর্বশেষ গত বছরের জুলাই মাসে ব্যাংককে প্রথম বিমসটেক শীর্ষ সম্মেলনের আগে আগে এ জাতীয় এসওএম অনুষ্ঠিত হয় ।

বিমসটেককে ‘মুক্ত বাণিজ্য অঞ্চল’ ঘোষণার ব্যাপারে কতদূর অগ্রগতি হয়েছে সেটাই এবারের বৈঠকের মুখ্য আলোচ্য বিষয়।

বৈঠকে আগামী বিমসটেক শীর্ষ সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ প্রসঙ্গেও আলোচনা হবে।

এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই এ অঞ্চলে বহুমুখী প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য বানিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে মুক্ত বানিজ্য অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে চূড়ান্ত আলোচনা হতে পারে।

বৈঠকে আন্তঃদেশীয় সন্ত্রাস ও অপরাধ দমনের ক্ষেত্রে যৌথ কর্মকান্ডের অগ্রগতি নিয়েও আলোচনা হবে।

এছাড়াও সংস্কৃতি, শিক্ষা, জনস্বাস্থ্য, জীববৈচিত্র্য ঐতিহ্য রক্ষা, গ্রামে বসবাসকারী জনগণের উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি মানের শিল্প প্রতিষ্ঠা, অবকাঠামো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বায়োটেকনোলজি, আবহাওয়া ও জলবায়ূ গবেষণা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও ব্যবস্থাপনা বিষয়ে সহযোগিতা নিয়ে বৈঠকে আলোচনা করা হবে।