২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য চট্টগ্রামের জীব বৈচিত্র্য রক্ষার লক্ষ্যে ফলজ ও বনজ বাগান সৃষ্টির পরিকল্পনা

জুম চাষ নিয়ন্ত্রণের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের জীব বৈচিত্র্য রক্ষার লক্ষ্যে বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় ফলজ ও বনজ বাগান সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 09:45 AM

Updated : 26 Apr 2022, 05:44 PM

মন্ত্রণালয় সূত্র জানায়, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্যে ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই পরিকল্পনার আওতায় রাঙ্গামাটি জেলার ৪৬টি, খাগড়াছড়ি জেলার ৩৫টি এবং বান্দরবান জেলার ২৯টি ইউনিয়নের প্রতিটিতে ২৫টি করে মোট ২৭৫০টি জুমিয়া পরিবারকে পুনর্বাসন করা হবে।

ওই সূত্র আরও জানায়, একই পাহাড়ে উপর্যুপরি জুম চাষের ফলে মূল্যবান বনজ সম্পদ উজাড়ের জীব বৈচিত্র্য বিনষ্ট হচ্ছে। এর ফলে পরিবেশ দ্রুত ভারসাম্যহীন হয়ে পড়ছে।

ফলজ ও বনজ বৃক্ষ চাষের মাধ্যমে জুমিয়া পরিবারদের পুনর্বাসন করা হলে বনের উপর চাপ কমবে এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মন্ত্রণালয় আশা করছে।

দায়িত্বশীল একটি সুত্র জানায়, আসন্ন অর্থ বছর থেকেই এই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে। প্রথম পর্যায়ে ৪৮টি ইউনিয়নে এই কর্মসূচি হাতে নেয়া হবে।