২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভক্ষকদের রক্ষকের ভূমিকায় রাখা যাবে না: বৃক্ষমেলা’ ০৫ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, যারা গাছের শত্রু, তারা মানুষেরও শত্রু। এদের কেউ কেউ সরকারের বন বিভাগের মধ্যেও রয়েছে। খুঁজে বের করে এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ভক্ষকদের রক্ষকের ভূমিকায় রাখা যাবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 07:06 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

বুধবার শেরে বাংলা নগর প্যারেড স্কয়ারে বৃক্ষমেলা-২০০৫ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি ৪৪ জনকে ‘বৃক্ষ রোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০০৪’ প্রদান করেন।

প্রধানমন্ত্রী বলেন, একদিকে মানুষ বাড়ছে, অন্যদিকে কমছে উদ্ভিদ। এতে প্রাকৃতিক ভারসাম্য ক্ষুণœ হচ্ছে। এ ভারসাম্যহীনতাই প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়ের একটা বড় কারণ। এ বিপর্যয় রোধের একটা প্রধান উপায় হচ্ছে, গাছের পরিমাণ দ্রুত বাড়ানো।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া গাছ লাগানোর সাফল্যের জন্যে যারা জাতীয় পুরস্কার পান, তাদের অভিনন্দন জানিয়ে বলেন, আমি আশা করি, এতে অন্যরাও গাছ লাগাতে উৎসাহী হবেন।

তিনি বলেন, সকলেই জানেন, গাছ মানুষের বড় বন্ধু। গাছ মানুষকে খাদ্য দেয়, পানীয় জোগায়, শ্বাস নেওয়ার জন্যে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে, ছায়া দেয়। মানুষের বসতবাড়ি, আসবাবপত্র তৈরিতে গাছ কাজে লাগে। জ্বালানীর একটি বড় উৎস গাছ। রোগের ওষুধ ও প্রতিষেধকও উদ্ভিদ থেকে তৈরি হয়। কাজেই মানুষের জন্যে গাছের প্রয়োজন অপরিসীম।

তিনি আরও বলেন, প্রকৃতিতে একসময় মানুষের সংখ্যার সঙ্গে ভারসাম্যপূর্ণ ছিল গাছের পরিমাণ। কিন্তু সেই অনুপাত এখন আর ঠিক নেই।

প্রধানমন্ত্রী বলেন, গাছ বাড়লে আমাদের সম্পদ বাড়বে, পরিবেশ-প্রতিবেশ ঠিক থাকবে, প্রাকৃতিক বিপর্যয় রোধ করা যাবে। মানুষের অস্তিত্ব নির্ভর করে গাছের ওপর। কাজেই মানুষের স্বার্থেই গাছ বাড়াতে হবে। এ জন্যে সরকারি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগই যথেষ্ট নয়। সারাদেশের মানুষকে সচেতন ও উদ্বুদ্ধ করতে হবে। সকলের মধ্যে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে। এ জন্যেই এ বৃক্ষ রোপন আন্দোলন।

তিনি বলেন, আমি এ অভিযানকে সকল স্তরে ছড়িয়ে দিয়ে একটি গতিশীল সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। এ লক্ষ্যে দেশবাসীর প্রতি আবেদন জানাচ্ছি, এ বছর প্রত্যেকে অন্তত দুটি করে গাছ লাগান। পরিচিত দুজন লোককে গাছ লাগাতে উদ্বুদ্ধ করুন এবং গাছের চারা উপহার দেওয়ার রীতি চালু করুন। যেখানেই সুযোগ আছে, সেখানেই গাছ লাগান।

তিনি আরও বলেন, গাছ শুধু লাগালেই হবে না, এর পরিচর্যা করতে হবে, রক্ষা করতে হবে। বেহিসেবি গাছ কাটা এবং বন উজাড় করার প্রবণতা কঠোরভাবে বন্ধ করতে হবে।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, বৃক্ষ ও বনজ সম্পদ বাড়াতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের সরকারের উদ্যোগ ও আয়োজনের ব্যাপারে আপনারা জানেন। এ সব উদ্যোগ সুফল দিতে শুরু করেছে, এ কথাও সত্য। কিন্তু এতে তুষ্ট থাকলে চলবে না। আরও গাছ লাগাতে হবে। বৃক্ষ ও বনজ সম্পদ রক্ষায় নিতে হবে আরও সচেতন ও কঠোর উদ্যোগ। সুবজ শ্যামলিমায় ভরিয়ে তুলতে হবে দেশ।

তিনি বলেন, মানুষের অনুপাতে আমাদের জমি কম। কিন্তু এ মাটির রয়েছে বিপুল উর্বরা শক্তি। একে কাজে লাগিয়ে আমরা যত বেশী এবং দ্রুত বৃক্ষ ও বনজ সম্পদ বাড়াতে পারবো, তত তাড়াতাড়ি অনটন ঘুচবে। সেই সঙ্গে আমরা বাঁচতে পারবো প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে।

তিনি আহ্বান জানিয়ে আরও বলেন, তাই আসুন, দারিদ্র্য ও প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচার জন্যে গাছ লাগাই। সমৃদ্ধির জন্যে গাছ লাগাই। দেশ এবং মানুষের জন্যে গাছ লাগাই। প্রকৃতি ও পরিবেশের স্বার্থে গাছ লাগাই। বর্তমান ও ভবিষ্যতের জন্যে গাছ লাগাই।

আয়োজনে বিশেষ অতিথি হিসেবে অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান, তথ্যমন্ত্রী এম. শামসুল ইসলাম, কৃষিমন্ত্রী এমকে আনোয়ার, টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, বন প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।