২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে মাতৃত্বকালীন ভাতা ২ শ কোটি টাকা বরাদ্দের দাবি

‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল চার এবং পাঁচ’ বাস্তবায়নে শিশু মৃত্যু হার কমাতে এবং মাতৃস্বাস্থ্য উন্নয়নে প্রস্তাবিত ২০০৫-০৬ বাজেটে মাতৃত্বকালীন ভাতা বাবদ দু’শ কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছে সুশীল সমাজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

সিরডাপ মিলনায়তনে রোববার ‘ডেভেলপমেন্ট এন্ড অর্গানাইজেশন অব দ্য রুরাল পুউর’ (ডিওআরপি) আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, সরকার নতুন প্রস্তাবিত বাজেটে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের জন্য ১১০ কোটি টাকা বরাদ্দ করেছে।

‘২০০৫-০৬ বাজেটে স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবা, অতি দরিদ্র নারী সমাজে নিরাপদ মাতৃত্বের জন্য গৃহীত পদক্ষেপ’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন স্বাস্থ্য খাতে পিআরএসপি’র (দারিদ্র্য নিরশন কৌশল পত্র) মনিটরিং এডভাইজরি কমিটির চেয়ারম্যান ও সাবেক অর্ন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা এএসএম শাহজাহান।

দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ড. আতিউর রহমান বলেন, দেশে মা ও শিশু মৃত্যু হ্রাসে সরকারের কাছ থেকে দেশের দরিদ্র মহিলারা এ ধরণের ভাতা আশা করছে। এটা মাতৃ স্বাস্থ্য, পুষ্টি ও মাতৃত্বকালীন সেবা এবং দারিদ্র্য নিরসনে ইতিবাচক প্রভাব ফেলবে।

প্রতিটি ওয়ার্ড থেকে অন্তত ১০ জন প্রসূতি মাতার জন্য এ ভাতার ব্যবস্থা করা হোক। গর্ভবতী হওয়ার প্রথম মাস থেকে পরবর্তী ২৪ মাস পর্যন্ত এ ভাতা দেওয়া যেতে পারে।

ড. আতিয়ার বলেন, এ কর্মসূচীতে দেশের ৪৫ হাজার ইউনিয়ন থেকে প্রায় ৪ লাখ ১০ হাজার মাতাকে এ নেটওয়ার্কের আওতায় আনা যেতে পারে।

বার্ষিক উন্নয়ন কর্মসূচী’র (এডিপি) অংশ হিসেবে প্রস্তাবিত স্বাস্থ্য বাজেটে নারীদের স্বাস্থ্য উন্নয়নের ব্যাপারে কোনও উল্লেখ নেই বলে অর্থনীতিবাদ ড. আতিয়ার মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সরকার যদি এ প্রস্তাবনা গ্রহন করে, তাহলে শিশু মৃত্যু ও বিকলাঙ্গের হার কমে যাবে।

ড. আতিয়ার এবং এএসএম শাহজাহান একমত পোষন করে বলেন যে, স্বাস্থ্য বাজেটকে উপকারি ও কার্যকরী করার ব্যাপারে সুশীল সমাজের এগিয়ে আসা উচিত।

তারা আরও বলেন, শিশু কিশোরদের স্বাস্থ্য সেবা খাতে পিআরএসপিতে কোনও ধরনের কর্মসূচী নেই।

নতুন বাজেটে স্বাস্থ্য খাতে মোট ৪ হাজার ২ শ’৪০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ডিওআরপি’র উপদেষ্টা আব্দুল হালিম সেমিনারে সমন্বয়কারী হিসেবে ছিলেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র (এসডিএফ) মহাপরিচালক এম হাফিজউদ্দিন খান।