‘বিশ্বে অনাহারজনিত শিশু মৃত্যু হার’ কমানোর লক্ষ্যে পদযাত্রা কর্মসূচী পালিত
বিশ্ব খাদ্য কর্মসূচী’র (ডব্লিওএফপি) অনাহার জনিত শিশু মৃত্যু হার হ্রাসের জন্য বিশ্বব্যাপী তহবিল সংগ্রহ আন্দোলনের অংশ হিসেব বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও রোববার পালিত হয়েছে পদযাত্রা কর্মসূচি।
বিশ্বে প্রতি পাঁচ মিনিট অন্তর একটি শিশু অনাহারে মৃত্যুবরণ করার বিষয়টি নিয়ে বিশ্ব বিবেককে নাড়া দেওয়ার লক্ষ্যে এ পদযাত্রায় ডব্লিওএফপি এবং টিএনটি’র কর্মকর্তা, অংশীদার, পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব সহযোগে প্রায় ৪ শ’ মানুষ অংশ নেয়।
রঙ্গিন ব্যানার, ফেস্টুন নিয়ে এ পদযাত্রা নগরীর আইডিবি ভবন থেকে শুরু হয় এবং শেষ হয় জাতীয় সংসদ ভবনের সামনে। দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রখ্যাত ব্যক্তিত্বরা এ পদযাত্রায় অংশ নেন।
বাংলাদেশে ডব্লিওএফপি’র কান্ট্রি রিপ্রেসেনটিটিভ ডগলাস ক্যাসন কটস র্যালিতে অংশগ্রহণ করার আগে বলেন, বিশ্বব্যাপী দরিদ্র পীড়িত স্কুলগামী শিশুদের জীবনের মান উন্নয়নের লক্ষ্যে আমাদের অবিরত প্রচেষ্টার অংশ হিসেবে এ পদযাত্রায় আমাদের বন্ধুবান্ধব ও অংশিদারদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ সত্যিকার অর্থে আামাদের অনুপ্রাণিত করছে বলে আমি বিশ্বাস করি।
এদিকে শনিবার অস্ট্রেলিয়ার হাইকমিশনার লরেন বার্কার, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি যুর্গেন লিজনার, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি মরটেন গিয়ারসিংসহ বিভিন্ন কুটনৈতিক ব্যাক্তিবর্গ ছাড়াও সঙ্গীত শিল্পী রুনা লায়লা, নায়ক আলমগীর, মিস বাংলাদেশ সাথী, নাট্যকার ও জনপ্রিয় টেলিবিশন ব্যক্তিত্ব তারিক আনাম, চলচ্চিত্রকার তারিক মাসুদ ও ক্যাথারিন মাসুদসহ সাংস্কৃতিক ব্যাক্তিত্বের অনেকেই তহবিল সংগ্রহ পদযাত্রায় অংশগ্রহণ করেন। নগরীর গুলশান এলাকার স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে বিকেলে আয়োজন করা হয় গ্র্যান্ড গালা মাইম ও নাচের অনুষ্ঠান। বিশ্বব্যাপী অনাহারে শিশু মৃত্যুর মানবিক দিকটির সাথে একাত্মতা ঘোষণা করেন অংশগ্রহনকারীরা।
বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) আওতায় অনাহার জনিত শিশুমৃত্যু হার কমানো এবং এ খাতে সাহায্য সহযোগিতার জন্যে প্রায় ২৫ লাখ মার্কিন ডলারের সাহায্য তহবিল গঠন করার লক্ষ্য নিয়ে বিশ্বের ৮৪টি দেশের দু’লাখ মানুষ এ কর্মসূচীতে অংশ নেয়।
