২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের আটটি বৈদেশিক স্টেশনের ৯১ লাখ টাকা অনিয়ম: দুর্নীতিবাজদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে

বিমানের আটটি বৈদেশিক স্টেশনের ৯১ লাখ টাকা অনিয়মের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 07:14 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

অর্থমন্ত্রী জাতীয় সংসদের বাজেট অধিবেশনে গত মঙ্গলবার বিমানের যে অডিট রিপোর্ট উত্থাপন করেন, তাতে ওই অনিয়ম ধরা পড়ে। এরই পরিপ্রেক্ষিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ওই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে বলে জানা যায়।

বিমানের অডিট রিপোর্টে বলা হয়, ২০০২-২০০৩ অর্থ বছরে বিমানের আটটি বৈদেশিক স্টেশনে (করাচী,প্যারিস, ফ্রাংকফুট,নয়াদিল্লি,নিউইয়র্ক, রিয়াদ ,লন্ডন ও কাঠমান্ডু) ১৩ টি বিষয়ের মধ্যে ২৪টি গুরুত্বপূর্ণ খাতে বিমানে আর্থিক ৯১ লাখ ৪৬ হাজার টাকার অনিয়ম হয়েছে।

অনিয়মের বড় খাতগুলোর মধ্যে রয়েছে, নিউ ইয়র্ক স্টেশনে অনিয়মিতভাবে ডিসএবিলিটি বীমা প্রিমিয়াম পরিশোধ করায় আর্থিক ক্ষতি ১১ লাখ ৬ হাজার টাকা, একই স্টেশনে অনিয়মিত ভাবে দন্ত চিকিৎসায় প্রিমিয়ার বীমা পরিশোধ করায় আর্থিক ক্ষতি ১০ লাখ ৪৫ হাজার ৬৬২ টাকা, প্যারিস, নিউইয়র্ক ও লন্ডন স্টেশনে অনিয়মিত ভাবে ট্যাক্সি ভাড়া গ্রহণ করায় আর্থিক ক্ষতি ১১ লাখ ২৮ হাজার ৪৪৩ টাকা, লন্ডনে যাত্রীদের ব্যবহৃত হুইল চেয়ারের ভাড়া অনিয়মিত ভাবে পরিশোধ করায় আর্থিক ক্ষতি ১৫ লাখ ৪৩ হাজার ৯৮২ টাকা এবং প্যারিস, করাচি, রিয়াদ, ফ্রাংকফুর্ট, নয়াদিল্লি ও কাঠমুন্ডতে অনিয়মিত ভাবে মোবাইল ফোন সেট ও ব্যাটারি ক্রয় এবং বিল পরিশোধ করায় আর্থিক ক্ষতি ১১ লাখ ৬১ হাজার ৩১৫ টাকা ও রিয়াদে অনিয়মিত ভাবে ভিসা ফি পরিশোধ করায় আর্থিক ক্ষতি।

এছাড়া আরো অনিয়মের খাতগুলো হচ্ছে, লন্ডনে অনিয়মিত ভাবে কাটলরি বিল পরিশোধ, একই স্টেশনে অনিয়মিতভাবে কাউন্সিল ট্যাক্স পরিশোধ, নিউইয়র্ক ও করাচি স্টেশনে অনিয়মিত ভাবে চিকিৎসা ব্যায় গ্রহণ, নিউইয়র্ক স্টেশনে অনিয়মিত ভাবে এক্সরে মেশিনের লিজ চার্জ পরিশোধ, লন্ডনে ওভার বুর্কিং এর ফলে যাত্রী অফলোড, কাঠমান্ডুতে অনিয়মিতভাবে হিটিং এলাউন্স গ্রহণ এবং নিউ ইয়র্ক স্টেশনে নিরাপত্তা জামানত ফেরত না পাওয়ায় আর্থিক ক্ষতি হয়।

এ ছাড়া বিমান স্টেশনগুলোতে ইন্টারন্যাল কন্ট্রোল সিস্টেম দুর্বল, সরকারি বিধি ও পদ্ধতি যথাযথভাবে অনুসরণে ব্যর্থতা, মানি রিসিট ছাড়াই ট্যাক্সি ভাড়া, টিকিট বিক্রয় টাকা এজেন্টেদের থেকে যথাসময় জমা না করা প্রয়োজনীয় সকল রেজিস্টার সঠিক ভাবে সংরক্ষণ না করায় আর্থিক ক্ষতি হয় বলে রিপোর্টে উল্লেখ করা হয়।

এসব বিষয়ে বিমান প্রতিমন্ত্রী মীর মোহম্মদ নাছির উদ্দিন বিডিনিউজকে জানান, অডিট রিপোর্টে উল্লেখিত অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, যেহেতু অডিট রিপোর্টে অনিয়মের অভিযোগ করা হয়েছে এরসঙ্গে জড়িতদের অগামী এক সপ্তাহের মধ্যে ওই পরিমান টাকা ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ওই টাকা ফেরত দেওয়া না হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিমানে কেউই দুর্নীতি করলে তাকে ছেড়ে দেওয়া হবে না।