২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুশ্রম নিরসণের দাবি জানালো শিশুরা

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে দেশের বিভিন্ন শিল্পখাতে কর্মরত শত শত শিশুশ্রমিক রোববার নগরীতে মিছিল ও সমাবেশ করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 07:44 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

শিশুশ্রম বিলুপ্তির দাবিতে তারা ‘বয়স্করা কাজ করবে, শিশুরা স্কুলে যাবে’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান রাজধানী ও দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

আইএলও’র এক প্রতিবেদনে জানা যায়, পরিবারকে সহায়তা করতে বাংলাদেশে ৫ থেকে ১৭ বছর বয়স্ক প্রায় পাঁচ মিলিয়ন শিশু ট্যানারি, ওয়েল্ডিং, রাসায়নিক শিল্পপ্রতিষ্ঠানে, বিড়ি উৎপাদনে, বাসা বাড়ির কাজে, চাষাবাদে ও ওয়ার্কশপে কর্মরত রয়েছে।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান রোববার শিশু একাডেমী মিলনায়তনে শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বলেন, শিশুশ্রম মানব সম্পদ উন্নয়নের পথে অন্যতম প্রধান অন্তরায়। এজন্য সরকার শিশুশ্রম নিরসণের লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে শিশু শ্রমিকের পিতামাতাকে তাদের শিশু সন্তানদের ওপর নির্ভরতা পরিহার করতে ক্ষুদ্র ঋণ প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এপর্যন্ত পাঁচ হাজার শিশুশ্রমিকের পিতামাতাকে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে তিন কোটি ৫৬ লাখ টাকা দেওয়া হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) নগরীর মিরপুর এলাকায় শিশুশ্রম নিরসণ প্রকল্পের আওতায় একটি র‌্যালির আয়োজন করে।

ওই প্রকল্প থেকে কারিগরি প্রশিক্ষণ নেওয়া কয়েকশ শিশুশ্রমিক র‌্যালিতে অংশ নেয়। র‌্যালির প্রতিপাদ্য বিষয় ছিল বয়স্কদের কর্মসংস্থান করা, যাতে শিশুরা স্কুলে যেতে পারে।

শিশুশ্রমিকদের স্কুলে পাঠানো এবং কারখানার কাজকে নিরাপদ করতে আহছানিয়া মিশন কাজ করে যাচ্ছে। এছাড়াও তারা শিশুদের কাজের পরিবর্তে স্কুলে পাঠাতে অভিভাবকদের উদ্বুদ্ধ করছে।

মিশনের স্কুলের একজন কর্মকর্তা জানান, আমরা একটি পরিবর্তন আনতে চাচ্ছি, কিন্তু বাংলাদেশে তা সত্যিই অনেক কঠিন। তিনি বলেন, এ পরিস্থিতির জন্য প্রধানত দারিদ্রতা দায়ি। তবে ধীরে ধীরে এ পরিস্থিতির উন্নতি হচ্ছে।

র‌্যালিতে শিশুশ্রম নিরসনে নিয়োগকর্তাদের উদ্বুদ্ধকরতে কাজ করছেন এমন এক সমাজকর্মী মাহবুব মোর্শেদ বলেন, আমাদের মিশন হলো কর্মস্থানে ঝুকিপূর্ণ পরিবেশ নিরসন করা। মোর্শেদ আরও বলেন, শিশুশ্রম বাংলাদেশে একটি বাস্তব সমস্যা। কিন্তু আমরা এর নিরসন চাই।

জাতিসংঘের শিশু তহবিলের মতে, বাংলাদেশে শিশুরা ৪৩০ রকমের কাজের সঙ্গে জড়িত। যার মধ্যে ৬৭ রকমের কাজ শিশুদের জন্য ঝুকিপূর্ণ।

মোর্শেদ বলেন, তামাক, ট্যানারি অথবা রাসায়নিক কারখানা ও ওয়েল্ডিং ওয়ার্কশপের মতো ঝুকিপূর্ণ কাজে বাংলাদেশে প্রায় ১২ লাখ শিশু জড়িত রয়েছে।