সার্জনের গাফিলতি, নীলফামারীতে চক্ষু সেবা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে
প্রয়োজনীয় বরাদ্দ থাকার পরও সংশ্লিষ্ট সার্জনের খেয়ালখুশির কারণে নীলফামারীতে চক্ষু পরিচর্যা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। ফলে জেলার হাজার হাজার দরিদ্র চক্ষু রোগী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
সূত্র জানায়, বাংলাদেশে অন্ধত্ব প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য সাইট সেভার্স ইন্টারন্যাশনাল (এসএসআই) বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে ২০০২ সালে পাঁচ বছরের একটি চুক্তি করে।
চুক্তির আওতায় ২০০২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আন্তর্জাতিক এ প্রতিষ্ঠানটি দেশের পাঁচটি জেলাতে (নীলফামারী, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালী ও ঝালকাঠি) অন্ধত্ব প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করবে তাদের নিজস্ব ব্যয়ে। এতে দেশের দরিদ্র চক্ষু রোগীরা বিনামূল্যে সবরকম চক্ষু চিকিৎসা পাবে।
চুক্তির আওতায় একবছর আগে দেশের ওই পাঁচটি জেলার সদর হাসপাতালের চক্ষু বিভাগে প্রয়োজনীয় সংস্কার করে চিকিৎসা কার্যক্রম চালানোর জন্য এসএসআই সকল প্রকার যন্ত্র ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে। প্রত্যেক জেলায় এজন্য ব্যয় করা হয় ২৫ লাখ টাকা।
সরকারের সাথে চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি জেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের সরকারি সব কর্মী, সুপারভাইজার, নার্স এবং চক্ষু বিশেষজ্ঞ সার্জনকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়।
সাইট সেভার্স ইন্টারন্যাশনাল গরীব রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য প্রয়োজনীয় লেন্স ও চিকিৎসা সরঞ্জাম এবং ঔষধপত্র সরবরাহ করেছে। এই কার্যক্রম গ্রহণের কারণে আধুনিক সদর হাসপাতালে প্রতিদিন অসংখ্য গরীব চক্ষু রোগীর ভিড় জমে। জেলা ও আশেপাশের এলাকার দরিদ্র মানুষ সেবা নেওয়ার জন্য প্রতিদিন দূরদূরান্ত থেকে হাসপাতালে আসে।
কিন্তু সংশ্লিষ্ট চক্ষু বিশেষজ্ঞ সার্জনের অনীহা, খামখেয়ালী আর দায়িত্বহীনতার কারণে গরীব রোগীরা এ সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডাক্তারের অনীহার কারণে অনেক ছানি রোগীর অপারেশন সময় মত না হওয়ায় তারা চিরকালের জন্য অন্ধ হয়ে যেতে পারে। ফলে এ কর্মসূচীর উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। গত তিন মাসে ছানি অপারেশন হয়েছে মাত্র ৬টি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চক্ষু বিশেষজ্ঞ সার্জন ডা. মুহাম্মদ সিদ্দিক হুসাইন তার নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে সপ্তাহে দু’দিন নীলফামারী এসে সেবা কার্যক্রম পরিচালনা করেন। প্রয়োজনের তুলনায় তা খুবই অপ্রতুল। ফলে রোগীরা ঠিকমত চিকিৎসা পাচ্ছে না। প্রতিদিন হাজার হাজার চক্ষু রোগী চিকিৎসা না নিয়েই ফিরে যাচ্ছে।
