রামপালে নারী পাচারকারী দম্পতি আটক
বাগেরহাটের রামপাল বাস স্ট্যাণ্ড থেকে রোববার সকালে এলাকাবাসীর সহায়তায় পুলিশ শাহাদাত সরদার ও জোৎস্না বেগম নামে নারী পাচারকারী এক দম্পতিকে আটক করেছে।
ভারতের পাচারের উদ্দেশ্যে আনা কুলসুম (৪০) নামে স্থানীয় এক মহিলাকেও উদ্ধার করেছে পুলিশ।
এ সময় পুলিশ শাহাদাতের কাছ থেকে বেআইনীভাবে রাখা এক হাজার ভারতীয় রুপি উদ্ধার করে। ধৃতদের নামে নারী শিশু নির্যাতন দমন ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা হয়েছে।
পুলিশ জানায়, ধৃত শাহাদাত সরদার ও জোৎস্না বেগম সংঘবদ্ধ নারী পাচারকারী দলের সদস্য। জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছে যে, এভাবে বিভিন্ন এলাকা থেকে সংগ্রহকৃত নারী ও শিশু পাচারের জন্য তারা বেনাপোল সীমান্ত এলাকা ব্যবহার করে থাকে।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
