হিন্দুকোষ-হিমালয় অঞ্চলের দেশগুলোয় উন্নত প্রযুক্তির আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা গড়ে তুলতে নেপালে কর্মশালা
উন্নত প্রযুক্তির সংকেত ব্যবস্থার মাধ্যমে হিন্দুকোষ ও হিমালয় পর্বত অঞ্চলের দেশসমূহে আবহাওয়ার পূর্বাভাস ও বৃষ্টিপাত পরিমাপে অগ্রগতি অর্জনের লক্ষে নেপালে একটি আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। পর্বতাঞ্চলীয় অন্যান্য দেশের সাথে বাংলাদেশও এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র রোববার জানিয়েছে, স্যাটেলাইট প্রিসিপিটেশন এস্টিমেশন অ্যান্ড অ্যাসোসিয়েটেড টেকনোলজিস ইন হিন্দুকোষ-হিমালয়ান রিজিয়ন’ শীর্ষক পাঁচ দিনের এ কর্মশালায় আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, চীন, ভারত, মায়ানমার, নেপাল ও পাকিস্তানের আবহাওয়া ও জলবায়ুবিদরা অংশ নিচ্ছেন।
ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) এবং ইউএস জ্যুলোজিক্যাল সার্ভের (ইউএসজিএস) প্রধান প্রযুক্তি বিশেষজ্ঞরা এ সম্মেলনে উপস্থিত থাকবেন।
হিমালয়ের বৃহত্তর অঞ্চলে মৌসুমি বন্যার ফলে সৃষ্ট বিপর্যয় কমিয়ে আনতে যে প্রকল্প গ্রহণ করা হয়েছে তারই অংশ হিসেবে ইউএস আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এ কর্মশালার আয়োজন করে।
মার্কিন যুক্তরাষ্ট্র এনওএএ এবং ইউএসএসজির ভূ-উপগ্রহের মাধ্যমে আবহাওয়া ও বৃষ্টিপাত পরিমাপের প্রযুক্তি হস্তান্তর এবং এ সংক্রান্ত স্থানীয় ও আঞ্চলিক দিক থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং এ অঞ্চলে বাস্তবায়নযোগ্য প্রযুক্তি নিয়ে আলোচনা করার লক্ষে এ কর্মশালার আয়োজন করছে।
এ কর্মশালার মাধ্যমে সিন্ধু, গঙ্গা, ব্র্হ্মপুত্র ও মেঘনা নদীর উপকূল অঞ্চলের বৃষ্টিপাত, বন্যা ও খরা সম্পর্কে হিন্দুকোষ ও হিমালয় অঞ্চলের আবহাওয়া ও জলবায়ুবিদরা প্রত্যক্ষ অভিজ্ঞতা ও যন্ত্রপাতি সম্পর্কে আরও জোরালো ধারণা পাবেন।
গত ২০০১ সালে হিন্দুকোষ ও হিমালয় অঞ্চলের বন্যা পূর্বাভাস এবং তথ্য বিনিময় সংক্রান্ত প্রথম এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউএস আন্তর্জাতিক সংস্থার এ প্রকল্পটির মাধ্যমে বন্যার কারণে মানুষের শারীরিক যে ক্ষয়ক্ষতি হয় পূর্বাভাস বিষয়ক তথ্য আদান-প্রদান ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে তা কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
উন্নত পূর্বাভাস ব্যবস্থা বিশ্বাসযোগ্য ও আগাম সতর্কতা প্রদানে স্থানীয় বিশেষজ্ঞদের জন্য সহায়ক হবে।
আইসআইএমওডি পর্বত সম্পর্কে গবেষণায় নিয়োজিত একটি স্বাধীন গবেষণা কেন্দ্র। এটি বিশ্বের বিভিন্ন অঞ্চলের পর্বত এবং হিন্দুকোষ ও হিমালয় পবর্তাঞ্চলের আটটি দেশে কাজ করছে।
কাঠমান্ডু ভিত্তিক এ সংস্থা আইসিআইএমওডি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। আঞ্চলিক সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক তথ্য বিনিময় ও হিন্দুকোষ-হিমালয় অঞ্চলের মানুষের নিরাপদ ভবিষ্যতের ব্যাপারে প্রতিশ্রুতিশীল দাতাদের সাথে যৌথভাবে কাজ করে যাওয়ার লক্ষ্যে এ অঞ্চল ও অঞ্চলের বাইরে এটির মোট ৩০০টি ইন্সস্টিটিউশন প্রতিষ্ঠা করেছে।
