কুষ্টিয়ায় পুলিশ ও চরমপন্থীদের ত্রিমুখী বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা নিহত
কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারোদি ইউনিয়নের ভবানীপুর এলাকায় সোমবার ভোরে পুলিশ ও চরমপন্থীদের ত্রিমুখী বন্দুকযুদ্ধে এক চরমপন্থী নেতা নিহত হয়েছে।
নিহত শামিম (২৯) গণমুক্তি ফৌজের আঞ্চলিক শাখার সামরিক প্রধান এবং সে পার্শ্ববর্তী বেলগড়িয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটার গান ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আহসান হাবিব জানান, ভোর ৩-৪৫ মিনিটের দিকে নিষিদ্ধ ঘোষিত গণমুক্তি ফৌজের সদস্যদের সাথে বিপ্লবী কমিউনিস্ট পার্টির বন্দুকযুদ্ধের খবর পেয়ে সদর থানার এক প্লাটুন পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থী দলের সশস্ত্র ক্যাডাররা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে। এতে ঘটনাস্থলেই শামিম নিহত হয়। অন্য সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ জানায়, নিহত শামিম একজন তালিকাভুক্ত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে সদর থানায় ৮টি হত্যা মামলাসহ কমপক্ষে এক ডজন মামলা রয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
