জাবিতে একাশিয়া গাছের কারণে ছড়িয়ে পড়ছে অ্যালার্জি ও হাঁপানি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনেকেই অ্যালার্জি ও হাঁপানি রোগে মারাত্মক আক্রান্ত হয়ে পড়েছে। আক্রান্তদের অধিকাংশই ছাত্রছাত্রী। জাবি’র উদ্ভিদ বিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্র-শিক্ষক ও মেডিকেল সেন্টারের চিকিৎসকদের ধারণা, পরিবেশ বিরোধী একাশিয়া গাছের প্রভাবে ছড়িয়ে পড়ছে অ্যালার্জি ও হাঁপানি।
ক্যাম্পাসকে বৃক্ষশোভিত করতে আশির দশকে অস্ট্রেলিয়া থেকে ‘আকাশমণি’ নামে পরিচিত এ গাছ আমদানি করা হয়। এর বৈজ্ঞানিক নাম ‘একাশিয়া অরিকুলি ফরমিস’।
বিশেষজ্ঞদের মতে, একাশিয়া গাছ দীর্ঘ শিকড়ের মাধ্যমে মাটির গভীর থেকে পানি সংগ্রহ করে। এতে মাটির আর্দ্রতা কমে যায় এবং আশেপাশের গাছপালার ক্ষতি হয়। এ গাছের পাতা সহজে পঁচে না। এছাড়া এর কাঠের মূল্যও অনেক কম।
বিশেষজ্ঞরা আরও জানান, একাশিয়া গাছের ফুল পরাগরেণু নিঃশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে বিভিন্ন এ্যালার্জিক উপসর্গ দেখা দেয়। নাক দিয়ে অনবরত পানি পড়া, হাঁচি লাগা, চোখ চুলকান ও লাল হওয়া এবং শরীরের বিভিন্ন স্থান ফুলে গিয়ে চাকা চাকা হয়ে যায়। পরবর্তীকালে অ্যালার্জি স্থায়ী রূপ নিয়ে অ্যাজমাতে পরিণত হয়। ফলে মারাত্মক শ্বাস কষ্ট দেখা দেয়।
অ্যালার্জি ও হাঁপানি রোগে ক্যাম্পাসের অনেকেই আক্রান্ত হওয়ায় চাপের মুখে জাবি কর্তৃপক্ষ বেশ কিছু একাশিয়া গাছ কেটে ফেলে, কিন্তু তারপরও ক্যাম্পাসের পুরাতন কলাভবনের সামনে বেশকিছু আকাশমণি রয়ে গেছে। কর্তৃপক্ষ এ চত্বরটিকে ‘আকাশমণি চত্বর’ নাম দেয়। ছাত্রছাত্রীরা অবিলম্বে ক্যাম্পাসের একাশিয়া গাছগুলো অপসারণ করে দেশীয় বনজ ও ফলজ গাছ রোপণের দাবি জানিয়ে আসছে।
উদ্ভিদ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের থিসিস গ্রুপের ছাত্র পারভেজ রানা বলেন, আমার কোনও ধরনের অ্যালার্জি সমস্যা ছিল না, কিন্তু ক্যাম্পাসে আসার পর মারাত্মক অ্যালার্জিতে আক্রান্ত হয়েছি।
এ বিষয়ে উদ্ভিদ বিজ্ঞানী ও জাবি ট্রেজারার অধ্যাপক এবিএম এনায়েত হোসেন বলেন, পর্যায়ক্রমে একাশিয়া গাছগুলো অপসারণ করে ফলজ ও বনজ বৃক্ষ রোপণের পরিকল্পনা রয়েছে। জাবি ক্যাম্পাসে অ্যালার্জি আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে বলেও তিনি স্বীকার করেন।
