২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদিশার জামিন নাকচ, বিবাহ প্রতারণা মামলার শুনানী ১৮ জুন, এরশাদ বললেন, আমি দুটি মামলা করেছি

বিদিশার বিবাহ প্রতারণা মামলার জামিন আবেদনের শুনানী ১৮ জুন নির্ধারণ করা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা জামিনযোগ্য তৃতীয় মামলায় জামিন না হওয়ায় মঙ্গলবার ঢাকার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে অপ্রিতীকর ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 05:51 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

অন্যদিকে এইচএম এরশাদ সৌদি আরব থেকে মঙ্গলবার দেশে ফিরেই সাংবাদিকদের জানান, ভাঙচুর ও চুরি এবং বিবাহ প্রতারণা সংক্রান্ত মামলা দুটি তারই করা। তবে তিনি বিদিশার বিরুদ্ধে অন্য কোনো মামলা করেননি।

আদালতে বিদিশার আইনজীবীরা বিবাহ প্রতারণা মামলার আদেশকে অবৈধ ঘোষণা করেন। তারা ঢাকা জেলার প্রথম শ্রেণীর হাকিম মফিদুর রহমানকে এ আদেশ প্রত্যাহার করে মামলা পুনঃবিবেচনার আবেদন করেন। হাকিম এ বিষয়ে কোনো আদেশ না দেওয়ায় বিদিশার আইনজীবীরা বিক্ষোভে ফেটে পড়েন। এ পর্যায়ে হাকিম পুলিশ প্রহরায় এজলাস ত্যাগ করেন।

বিদিশার আইনজীবীরা বলেন, ১৯৪ ধারায় দায়ের করা মামলা জামিনযোগ্য। কিন্তু বিদিশাকে জামিন না দিয়ে প্রথম শ্রেণীর হাকিম আইন ভঙ্গ করেছেন।

কিন্তু বিদিশার আইনজীবীরা বলেছেন, এধরনের আদেশ আদালত অবমাননার সামিল। কেউই আইনের উর্ধ্বে নয়।

বিদিশার পক্ষে মামলা পরিচালনা করেন গণফোরাম নেতা অ্যাডভোকেট জহিরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুজ্জামান মাহবুব প্রমুখ।

এর আগে পাসপোর্ট ও ভাঙচুর সংক্রান্ত মামলায় রোববার ও সোমবার বিদিশা জামিন পেলেও সোমবার বিকেলেই বিবাহ প্রতারণা সংক্রান্ত আরেকটি মামলায় বিদিশাকে শো’ন এরেস্ট করা হয়।

ওমরাহ হজ্ব শেষে সকালে দেশে ফিরে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এরশাদ বলেন, বিদিশা আমার সঙ্গে প্রতারণা করেছে। এ কারণে আমি তার বিরুদ্ধে দুটি মামলা করতে বাধ্য হয়েছি। একজন স্বামী হিসেবে আমি আর কী করতে পারতাম?

বিমানবন্দরে এরিক এরশাদ এবং জাপার সকল সাংসদ, প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র নেতারা উপস্থিত থাকলেও এরশাদের প্রথম স্ত্রী ও সাংসদ রওশন এরশাদ ছিলেন অনুপস্থিত।

এরশাদ তার তালাকের নোটিশপ্রাপ্ত কারাবন্দী দ্বিতীয় স্ত্রী বিদিশার প্রতি অভিযোগ এনে আবারো বলেন, এক স্বামী থাকা অবস্থায় সে প্রতারণা করে আমাকে বিয়ে করেছে। এ কারণে ৩ ও ৪ জুন আমি তার বিরুদ্ধে দুটি মামলা করেছি।

সাংবাদিকদের তিনি বলেন, আপনারাই চিন্তা করে দেখুন, সে কতো বড় প্রতারক। তা না হলে কি স্বামী থাকা সত্ত্বেও ‘তালাকপ্রাপ্তা’ ঘরে টিক চিহ্ন দিয়ে সে কাবিননামায় সই করে আমাকে বিয়ে করে!

পরে জাপা নেতা বিমানবন্দরের বাইরে উপস্থিত দলের শ’ দুয়েক নেতাকর্মীর এক সমাবেশে খোলা গাড়ি থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জাতীয় পার্টির নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলকে দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে হবে।

তিনি বলেন, আপনারা আমার দ্বিতীয় স্ত্রী বিদিশাকে জানেন। সে আমার সঙ্গে প্রতারণা করায় আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি। একজন স্বামী হিসেবে এ ছাড়া আমার আর কিছু করার উপায় ছিল না।

এরশাদের দায়ের করা মামলায় বিদিশা গ্রেফতার হওয়ার পর তিনি সৌদি আরব গিয়েছিলেন।