সুনামগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে দুই সদস্যের নির্বাচনী তদন্ত কমিটি গঠন
নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার সুনামগঞ্জ-৩ আসনের প্রাক-নির্বাচনী অনিয়ম এবং নির্বাচনী আচরণ বিধির লংঘন খতিয়ে দেখতে দুই সদস্য বিশিষ্ট নির্বাচনী তদন্ত কমিটি গঠন করেছে। এ আসনের নির্বাচন আগামী ২০ জুলাই অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন মঙ্গলবার সুনামগঞ্জ জেলার যুগ্ম জেলা জজ রেজা তারিক হাসান ও সিনিয়র সহকারী জজ অরুণাভ সরকারকে তদন্ত কমিটির সদস্য হিসেবে মনোনীত করে প্রজ্ঞাপণ জারি করেছে। যে কোনো রাজনৈতিক দল অথবা ব্যক্তি তদন্ত কমিটির কাছে যে কোনও নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ করতে পারবে।
নির্বাচনী তদন্ত কমিটি অভিযোগের ভিত্তিতে অথবা স্বপ্রণোদিত হয়ে অনিয়ম তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবেন।
নির্বাচনী কর্মসূচি অনুযায়ী আগামী ২৫ জুন মনোনয়ন পত্র জমা দানের শেষদিন এবং একই দিনে মনোনয়নপত্র বাছাই করা হবে। ৩ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ধার্য করা হয়েছে।
নির্বাচন কমিশন ইতোমধ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসককে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দান করেছে।
সুনামগঞ্জ-৩ আসনটি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ আজাদের মৃত্যুতে শূন্য হয়ে যায়।
এদিকে বাংলাদেশ ইউপি মেম্বার সমিতির (বিইউএমও) সভাপতি গোলাম সারওয়ার মিলনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজের সাথে মঙ্গলবার সকালে দেখা করেন। তারা ঢাকা জেলার সাতটি উপজেলার ভোটার তালিকা প্রণয়ন ও তাদের আইডি কার্ড প্রদানের প্রস্তাব করেন।
তাদের প্রস্তাবকে স্বাগত জানিয়ে সিইসি বলেন, এ প্রকল্পের জন্য সময় লাগবে। তিনি শহর এলাকার চেয়ে গ্রামাঞ্চলে এ প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।
