‘জ্বালানি মন্ত্রীকে কোটি টাকার গাড়ি নয়, নাইকোকে বিস্ফোরণের ক্ষতিপূরণ দিতে হবে’
জ্বালানি মন্ত্রীকে কোটি টাকার গাড়ি উপহার নয়, বরং বিদেশী তেল কোম্পানিকে গ্যাস বিস্ফোরণের জন্য ক্ষতিপূরণ দিতে হবে।
মাগুরছড়া গ্যাস ডিজান্টর ক্যাম্পেইন আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা টেংরাটিলায় গ্যাস বিস্ফোরণ ঘটনো নাইকো কোম্পানির কাছে এ দাবি জানান। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নাইকো গত মাসের প্রথম সপ্তাহে জ্বালানি প্রতিমন্ত্রীকে টয়োটা ল্যান্ড ক্রজার সিগনাস নামের ২০০৫ মডেলের কোটি টাকা দামের গাড়ি উপহার দেয়।
সংবাদ সম্মেরনে বক্তারা বলেন, তদন্ত কমিটি অনুমিত ১৫ হাজার কোটি টাকার মাগুরছড়ার ক্ষতিপূরণ অবিলম্বে অক্সিডেন্টাল বা তার উত্তরসুরী ইউনোকল-শেভরন কোম্পানির কাছ থেকে আদায় করতে হবে।
তারা আরো দাবি জানান, বিদেশি কোম্পানির ওপর পেট্রোবাংলা ও বাপেক্সের নিয়ন্ত্রণ ও ক্ষমতা বাড়াতে হবে।
লিখিত বক্তব্যে স্থানীয় পর্যায়ে ১০টি ও জাতীয় পর্যায়ে ৪টি দাবি উত্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহবায়ক জসিম উদ্দিন জীবন। উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য ও স্থানীয় ইউনিয়ান পরিষদের মহিলা সদস্য রিনা আক্তার, ফজুল জালাল ও বিভিন্ন বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দ।
