শেরপুরে বজ্রপাতে ৪ জন নিহত
শেরপুরের নালিতাবাড়ি, নকলা ও ঝিনাইগাতি উপজেলায় মঙ্গলবার সকালে বজ্রপাতে চারজন নিহত এবং দুজন শিশু গুরুতর আহত হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১০টায় নালিতাবাড়ির খরখরিয়া গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে গাজী মিয়া (২৫) এবং নুরুল ইসলাম (১৬) মারা যায়।
সকাল সাড়ে ৯টার দিকে বজ্রপাতে নকলার লাভা গ্রামের ফজল মিয়ার কিশোর পুত্র মনির হোসেন (১৪) ঘটনাস্থলে নিহত এবং আবদুস সাত্তারের শিশু পুত্র শাহিনুর (১০) ও আবদুল হাইয়ের পুত্র রোকন (৯) গুরুতর আহত হয়। আহত দুজনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সকাল ১১ টার দিকে ঝিনাইগাতি উপজেলার কালিনগর গ্রামে বজ্রপাতে রুবেল (১৯) নামে একজন যুবক নিহত হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট তিনটি থানায় তিনটি অপমৃত্যু মামলা রেকর্ড করেছে পুলিশ।
