বেনাপোল সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক নিহত, স্বজনরা এখনও লাশ পায়নি
যশোরের বেনাপোলে সোমবার রাতে বিএসএফ’র গুলিতে মিজান (২৫) নামে একজন বাংলাদেশী যুবক নিহত হয়েছে।
নিহত মিজানের বাড়ি যশোরের শার্শা থানার রামচন্দ্রপুরে। সে ঘটনার দিন আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন রাতে সে ইছামতি নদীতে গোছল করতে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। তার লাশ এরপর ভাসতে ভাসতে বেনাপোলের দৌলতপুর সীমান্তের ওপারে ভারতীয় কালিয়ানী সীমান্তে চলে যায়।
মঙ্গলবার সকালে বিএসএফ তার লাশ তুলে নিয়ে বনগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার নিহতের আত্মীয়-স্বজনরা লাশের জন্যে বিডিআরের কাছে ধর্ণা দিচ্ছে। তারা এখনও নিহতের লাশ পায়নি। এ নিয়ে বাংলাদেশ সীমান্তে এখন উত্তেজনা বিরাজ করছে।
