২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মার বাম তীর সংরক্ষণ প্রকল্পের নির্মাণ কাজ বন্ধ, নদী ভাঙ্গনের আতংকে এলাকাবাসী

শিবগঞ্জ উপজেলার উজিরপুর এলাকায় ১ হাজার ৮০ মিটার দীর্ঘ পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের আওতাধীন কাজ পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষায় বন্ধ রয়েছে। নদীর তীরের হাজার হাজার মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 02:37 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১ হাজার ৮০ মিটার দীর্ঘ নদী তীর সংরক্ষণের জন্য যে পরিমাণ সিসি ব্লক প্রয়োজন তার ৬০ ভাগ নির্মিত হলেও পানি উন্নয়ন বোর্ডের কোয়ালিটি কন্ট্রোল বিভাগের বিশেষজ্ঞদের অপেক্ষায় ব্লক বিছানো শুরু করতে পারছে না ঠিকাদাররা। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ব্লক বিছানোর নির্দেশ দিতে পারছে না।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ব্লক বিছানোর জন্য নদী পাড় কেটে উপযোগী করা হয়েছে। প্রয়োজনীয় বালি ভর্তি জিও ব্যাগ, হার্ডরক, সিসি ব্লক প্রস্তুত রাখা হয়েছে।

ঠিকাদার আশরাফুল ইসলাম বিডিনিউজকে জানান, কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ীই জিও ব্যাগে বালি ভর্তি করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ এখন বলছে এসব ব্যাগ চলবে না। অন্য জিও ব্যাগ লাগবে।

নদী তীরে কর্মরত এক শ্রমিক অভিযোগে জানান, ব্লক বিছানোর জন্য নদী তীর প্রস্তুত করা হলেও, কর্তৃপক্ষ এখন পর্যন্ত তা বুঝে নিচ্ছে না। এর ফলে শ্রমিকরাও মজুরি পাচ্ছে না।

এদিকে এলাকাবাসী অভিযোগে জানান, পানি উন্নয়ন বোর্ডের অসৎ উদ্দেশ্য রয়েছে। কারণ শুষ্ক মৌসুমে কাজ না করে নদীতে যখন পানি বৃদ্ধি পাবে তখন তড়িঘড়ি করে কাজ শুরু করবে। এতে ব্যাপক ঘাপলা করার সুযোগ পাবে। এমন ঘটনা ২০০৩ সালেও ঘটেছিল। এর ফলে সাড়ে ১১ কোটি টাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। হার্ডরক ও ব্লক গণনায় ব্যাপক অনিয়মের অভিযোগও করছে এলাকাবাসী। ইতিমধ্যে প্রস্তুতকৃত নদী তীরে ভাঙ্গনও দেখা দিয়েছে।

উল্লেখ্য, গত ৭ জুন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ উর্ধ্বতন কর্তৃপক্ষ এলাকা পরিদর্শন করলেও, এ ব্যাপারে তাদের কোনও সিদ্ধান্ত জানাননি।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী বিডিনিউজকে জানান, প্রয়োজনের তুলনায় মালামালের পরিমাণ কম হওয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিচ্ছেন না। তবে কয়েকদিনের মধ্যেই নির্দেশ পাবেন বলে আশ্বাস দেন।

এদিকে, পানি উন্নয়ন বোর্ডের কাজের ধীরগতি দেখে এলাকার হাজার হাজার মানুষ হতাশ হয়ে পড়েছেন। নদী তীরবর্তী লোকজন মারাত্মক ভাঙ্গনের আশঙ্কায় গত ১ মাস যাবৎ বাড়িঘর সরানো অব্যাহত রেখেছে।