২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গী শিল্পা এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে জমে উঠেছে কাউন্টার ব্যবসা, বিপর্যস্ত জনজীবন

গাজীপুর জেলার টঙ্গী শিল্পা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পার্শ্বে রাস্তা ও ফুটপাত দখল করে তৈরি করা হয়েছে বহু বাস কাউন্টার। পরিবহণ ব্যবসায়ী আর শ্রমিকদের কাছে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 02:40 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

সূত্র জানায়, টঙ্গী মহাসড়কসহ রাস্তা ও ফুটপাত দখল করে ছোট ছোট টংঘর তৈরি করে তা ব্যবহার করা হচ্ছে কাউন্টার হিসাবে। এ কারণে সাধারণ মানুষের হাঁটাচলা একেবারেই দুঃসাধ্য হয়ে পড়েছে। লোকাল বাস ও নগরপরিবহনের গাড়িগুলো ব্যস্ততম সড়কের মাঝখানে থামিয়ে যাত্রী তোলে, ফলে রাস্তায় সৃষ্টি হয় তীব্র যানজট। কোন কোন সময় যাত্রীবাহী বাসগুলো মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও রাস্তা দখল করে মেতে ওঠে প্রতিযোগিতায়। বাস শ্রমিক ও ড্রাইভারের এই স্বেচ্ছাচারিতা ও গাফিলতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

এছাড়াও টঙ্গী পৌর এলাকায় রিক্সাজট এখন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। শহরের প্রাণকেন্দ্র টঙ্গীবাজার, টঙ্গী ষ্টেশন রোড, মিলগেইট, চেরাগ আলী, কলেজ গেইট, এরশাদনগর বাসষ্ট্যান্ডসহ টঙ্গী নতুন বাজার রেলগেইট মূলত বাস, ট্রাক, ক্যাব ও রিক্সার দখলে। অনেক সময় ট্রাক ও বাস রাস্তায় এলোপাথাড়ি করে রাখা হয়।

এখানে ট্রাক ষ্ট্যান্ডের জন্য তিনটি নির্ধারিত ষ্ট্যান্ড থাকলেও যত্রতত্র গাড়ি, অটোরিক্সা ও মাইক্রোবাস রেখে জনদুর্ভোগের সৃষ্টি করা হচ্ছে। টঙ্গী নতুন বাজার রেলগেইটেও একই চিত্র পরিলক্ষিত হয়।

পরিবহণ ব্যবসায়ী ও শ্রমিকদের নিকট শহরবাসী জিম্মী হয়ে পড়লেও জনদুর্ভোগ নিরসনে কর্তৃপক্ষের নেই কোনও উদ্যোগ।

টঙ্গী পৌর চেয়ারম্যান এ্যাডভোকেট আজমতউল্লাহ খান বিডিনিউজকে বলেন, রাস্তার ওপর কাউন্টার বসানোর কোনও অনুমতি কাউকে দেওয়া হয়নি। অবৈধভাবে এসব নির্মাণ করা হয়েছে। মাঝে মাঝে এই অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে উচ্ছেদ করা হয় বলে তিনি জানান।