২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেজর জেনারেল মইন ইউ আহমেদের সেনাবাহিনীর কমান্ড গ্রহণ

নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল মইন ইউ আহমেদ পিএসসি পূর্বতন সেনাবাহিনী প্রধান লেঃ জেনারেল হাসান মশহুদ চৌধুরীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর কমান্ড গ্রহণ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 07:16 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

বুধবার সেনাবাহিনীর সদর দপ্তরে সেনা প্রধানের সচিবালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি কমান্ড গ্রহণ করেন। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগ ও সেনা দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের সশস্ত্রবাহিনী বিভাগে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে জেনারেল মইনকে লেফটেনেন্ট জেনারেলের র‌্যাংকের ব্যাচ পরিয়ে দেয়া হবে।

বুধবার কমান্ড হস্তান্তরের পর সেনাসদর দপ্তর ত্যাগের আগে বাহিনীর প্রধান লেঃ জেনারেল হাসান মশহুদ চৌধুরীকে নবনিযুক্ত সেনা প্রধান ও উর্ধ্বতন সেনা কর্মকর্তারা সেনা রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

এর আগে সকালে সামরিক রীতি অনুযায়ী বিদায়ী সেনা প্রধান লেঃ জেনারেল হাসান মশহুদ চৌধুরী ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পন করেন। বিদায়ী সেনা প্রধানকে সেনাকুঞ্জে সেনাবাহিনীর সুসজ্জিত একটি চৌকসদল গার্ড অব অনার প্রধান করেন।

সেনাপ্রধান হিসেবে নিয়োগ লাভের আগে জেনারেল মইন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি ২৪ পদাতিক ডিভিশনসহ দু’টি পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার, ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের প্রধান প্রশিক্ষক, পদাতিক ডিভিশনের কর্ণেল স্টাফসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। জেনারেল মইন পাকিস্তানে বাংলাদেশের হাইকশিমনে প্রতিরক্ষা উপদেষ্টা এবং রুয়ান্ডায় জাতিসংঘ শান্তিরক্ষী হিসেবে কাজ করেন।

নবনিযুক্ত সেনা প্রধান জেনারেল মইনের পৈত্রিক নিবাস নোয়াখালী জেলায়। তিনি ১৯৭৫ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে পদাতিক কোরে কমিশন লাভ করেন। বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে জেনারেল মইনই প্রথম সেনা প্রধান নিযুক্ত হলেন।