সাভার থেকে গ্রেনেড উদ্ধার
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বৃহস্পতিবার ভোরে সাভারের বড়দেশী গ্রাম থেকে একটি গ্রেনড উদ্ধার করেছে।
র্যাব এ ঘটনার সঙ্গে জড়িত আমজাদ হেসেন ওরফে আঞ্জুকে আটক করে। সে পুলিশ হত্যাসহ একাধিক মামলার আসামী নজরুল ইসলামের সহযোগী।
র্যাব সূত্র জানায়, উদ্ধারকৃত গ্রেনেডটি মানববিধ্বংসী আরজেস মডেলের। এর লট নম্বর ০২/০১, ২০০১। গ্রেনেডটির বিস্ফোরণ ক্ষমতা ১৫ থেকে ২০ মিটারের মধ্যে এবং এর মধ্যে চার থেকে পাঁচ হাজার স্টিল বল থাকে। এটি কোন দেশে নির্মিত হয়েছে গ্রেনেডটির ওপর তার কোনও উল্লেখ নেই।
র্যাবের একজন কর্মকর্তা জানান, উদ্ধারকৃত গ্রেনেডটি গত বছরের ৩০ নভেম্বর রাজধানীর কুড়িল থেকে উদ্ধার করা গ্রেনেডের মতো।
বিএনপি সমর্থিত ওয়ার্ড কমিশনার হযরত আলীর ‘তুলির পরশ’ দোকান থেকে পুলিশ চারটি একে ৪৭ রাইফেল, ৯৯০টি বুলেট, দু’টি বিদেশি রিভলবার, সাতটি রিভলবারের গুলি, ২০টি আরজেস মডেলের গ্রেনেড, দুই কেজি প্লাস্টিক বিস্ফোরক বোমা, চারটি টাইম বোমা, দুই কেজি গান পাউডার, ৬টি ইলেকট্রিক ডিটোনেটর, সাড়ে চারফুট তার, চার্জারসহ দুটি ফায়ারিং ডিভাইস এবং একটি ওয়াকিটকি উদ্ধার করে।
বিভিন্ন গোয়েন্দা সূত্র জানায়, এই মডেলের গ্রেনেডের সাথে আওয়ামী লীগের সমাবেশে ও ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর ওপর হামলায় ব্যবহার করা গ্রেনেডের মিল রয়েছে।
সাভার থানার আমিন বাজারের বড়দেশী গ্রামে র্যাব-৪ এর একটি দল ভোররাত সাড়ে তিনটায় অভিযান চালিয়ে আঞ্জুকে আটক করে।
র্যাবের ওই দলটি বাড়ির পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি উদ্ধার করে।
এদিকে এ বছরের ১০ জানুয়ারি র্যাব-৪ একই গ্রামে অভিযান চালিয়ে একই মডেলের একটি গ্রেনেড ও হাতির দাঁত উদ্ধার করে। দলটি এ সময় এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ হোসেন, রহিম ও মামুনকে আটক করে।
আটক ব্যক্তিরাই গ্রেনেডগুলো এনেছে বলে র্যাব সূত্র সন্দেহ করছে।
সূত্র আরও জানায়, আমরা নজরুলকে আটক করার জন্য রাজধানীর ভেতরে ও বাইরে অভিযান অব্যাহত রেখেছি।
