২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিটামিন ‘এ’ অভাবজনিত অপুষ্টি দূরীকরণের লক্ষ্যে জাতীয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

শিশুদের ভিটামিন ‘এ’ অভাবজনিত রাতকানা ও কৃমির কারণে সৃষ্ট অপুষ্টি থেকে রক্ষা করার লক্ষ্যে বৃহস্পতিবার দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্টিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 05:07 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

ওসমানি স্মৃতি মিলনায়তনে একটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপস্যুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন আনুষ্ঠানিক ভাবে দিবসটির উদ্বোধন করেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে এক লাখ ২০ হাজার টিকাদান কেন্দ্রের মাধ্যমে এক কোটি ৮০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ এবং কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচির আওতায় এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপস্যুল এবং দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপস্যুলসহ কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

মন্ত্রী জানান, ভিটামিন ‘এ’ এর অভাবে শিশুরা শুধুমাত্র পুষ্টিহীনতার শিকারই হয় না, এর কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় এবং অকাল মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ইউ এইচ ফরিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, স্বাস্থ্য সচিব এ এফ এম সরওয়ার কামাল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা: মো: অব্দুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এম এ আকমল হোসেন আজাদ, জাতীয় পুষ্টি প্রকল্পের নির্বাহী পরিচালক আবুল কাশেম প্রমুখ।