২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির ওপর সম্মেলন: উদ্যোগটি বাংলাদেশ বিরোধী বলে জানিয়েছে সরকার

ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে ১৭ জুন অনুষ্ঠেয় সম্মেলন বাংলাদেশ বিরোধী পরিকল্পনার অংশ বলে বাংলাদেশ সরকার ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরকে অবহিত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 05:53 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

বাংলাদেশের রাষ্ট্রদূত বুধবার এফসিও’র কাছে দেওয়া এক প্রতিবাদলিপিতে উল্লেখ করেছে, এ ধরনের সম্মেলন দেশ ও সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ কথা জানানো হয়।

‘বাংলাদেশ বিষয়ক ইউরোপীয় মানবাধিকার সম্মেলন: চরমপন্থী, অসহিষ্ণুতা ও সন্ত্রাস’ শীর্ষক সম্মেলনটির আয়োজন করেছে স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের স্টিয়ারিং কমিটি অব বাংলাদেশ কনফারেন্স ২০০৫।

লন্ডনে বাংলাদেশের রাষ্ট্রদূত এএইচ মোফাজ্জল করিম বুধবার পররাষ্ট্র এবং কমনওয়েলথ দপ্তরের মহাপরিচালক টম ফিলিপস’র সাথে দেখা করে বিষয়টি সম্পর্কে তাকে অবহিত করেন।

সম্মেলনে সরকার পক্ষের কোনও প্রতিনিধির অংশ নেয়ার ব্যাপারে আয়োজকদের অনিচ্ছা থাকা সত্ত্বেও বাংলাদেশের রাষ্ট্রদূত সম্মেলনে দেশের পক্ষে ছয়জন প্রতিনিধির অংশগ্রহণের অনুমতি লাভ করেছেন।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশের ভাবমূর্তি রক্ষা ও বাংলাদেশ বিরোধী প্রচারণার বিরোধিতা করতে হাই কমিশন ও সরকার পক্ষের প্রতিনিধিদের মধ্যে খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ এমপি এবং ব্যারিস্টার জিয়াউর রহমান খান এমপি সম্মেলনে যোগ দেবেন।