মেহেরপুরে ডাকাতি করতে গিয়ে আটক যৌথবাহিনীর ১১ সদস্যকে পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে
মেহেরপুরের গাংনী উপজেলার একটি গ্রামে ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে অটক বিডিআর, পুলিশ, আনসারসহ যৌথবাহিনীর সাদা পোশাকধারী ১১ জন সশস্ত্র সদস্যকে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে।
সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পযয়ন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে মেহেরপুর পুলিশ সূত্রে জানা গেছে। মেহেরপুর পুলিশ সুপার ধৃতদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বিক্ষুদ্ধ গ্রামবাসীদের আশ্বাস দিয়েছেন।
বুধবার গভীর রাতে রাইপুর ইউনিয়নের বড়বামুন্দী কড়ুইগাছি গ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে মো. ইদ্রিসের বাড়িতে ডাকাতি করতে গেলে গ্রামবাসীরা টের পেয়ে যায় এবং বল্লম, কাতরা, রামদা, তীর-ধনুক, লাঠি-রড নিয়ে চারিদিক ঘিরে ফেলে। ডাকাতরা বোমা ফাটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত হাজারো জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। ডাকাতরা গুলি করার ভয় দেখালে জনতা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এ অবস্থায় তারা গ্রামবাসীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
ডাকাতি করতে গিয়ে আটক সদস্যরা হচ্ছে-হেমায়েতপুর যৌথবাহিনীর এসআই মো. খোরশেদ আলম ও পুলিশ ক্যাম্পের এসআই মো. আলতাফ হোসেন, সিপাই মো. মাহফুজ, মো. হেলাল, মো. হাবিব, মো. ইউনুস, বিজয় কুমার, বিডিআর সিপাই মো. আলবাত, মো. জাহাঙ্গীর, আনসারবাহিনীর মো. রশীদ এবং গ্রাম পুলিশের সুশান্ত।
এলাকাবাসী জানায়, হেমায়েতপুর যৌথবাহিনীর ক্যাম্প ও এলাঙ্গী পুলিশ ক্যাম্পের ১১ জন সদস্য লুঙ্গি, গামছা ও মুখোশ পরে মো. ইদ্রিসের বাড়িতে দরজা ভেঙ্গে করে এবং আসবাবপত্র তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। গৃহকর্তা ইদ্রিস বাড়িতে ডাকাত পড়ার সংবাদটি কৌশলে মোবাইল ফোনে প্রতিবেশীকে জানিয়ে দেয়। এ পর্যায়ে গ্রামের প্রতিটি মসজিদ থেকে মাইকিং করা হলে চারদিকে দ্রুত ডাকাতির সংবাদ ছড়িয়ে পড়ে। গ্রামবাসী ইদ্রিছের বাড়ির দিকে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সবাই ছুটে আসে এবং ডাকাতদের ঘেরাও করে ফেলে।
ডাকাতবেশী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজেদের পরিচয় দিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হলে পনের বিশ হাজার বিক্ষুদ্ধ গ্রামবাসী তাদের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে তালাবদ্ধ করে রাখে। এলাকাবাসী তাদের চেহারা দেখে সাম্প্রতিককালে গ্রামে যেসব ডাকাতি হয়েছে তার সাথে এরাই জড়িত বলে দাবি করেছে।
গাংনী থানার ওসি সৈয়দ ইকবাল খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং আটককৃতরা হেমায়েতপুর পুলিশ ক্যাম্প এবং এলাঙ্গী ক্যাম্পের সদস্য বলে সনাক্ত করেছে। মেহেরপুর পুলিশ সুপার মো. আওলাদ হোসেন বলেন, তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
