২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের সাথে বিএনপি সাংসদ ডাঃ রুস্তম আলী ফরাজীর দুর্ব্যবহার

বাজেট বক্তব্যে ‘স্ব-শাসিত মঠবাড়িয়া’র পরিবর্তে ‘স্ব শাসিত পিরোজপুর’ ছাপা হওয়ায় বিএনপি সাংসদ ডাঃ রুস্তম আলী ফরাজী বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেন। উত্তেজিত সাংসদ এসময় মামলা করার এবং একজন সাংবাদিককে বেঁধে রাখারও হুমকি দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 07:44 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদের জণসংযোগ কক্ষে বেশ কয়েকজন সাংবাদিকের উপস্থিতে যুগান্তরের সংসদ প্রতিবেদককে উদ্দেশ্য করে সাংসদ ফরাজী বলেন, কেন স্ব শাসিত পিরোজপুর ছাপা হয়েছে। আমি স্ব শাসিত মঠবাড়িয়ার কথা বলেছি। ক্ষিপ্ত বিএনপি সাংসদ সাংবাদিকদের বলেন, স্বাধীনতা আছে বলে যা খুশি তাই লিখবেন, আপনাদের কি কোন জবাবদিহিতা নেই? আওয়ামী লীগ করতে হলে রাস্তায় নেমে করুন, সাংবাদিক হিসেবে কেন?

এ সময় প্রতিবেদক তাকে একটি প্রতিবাদ লিপি পাঠানোর পরামর্শ দিলে আরও উত্তেজিত হয়ে তিনি বলেন, আপনার বিরুদ্ধে মামলা করতে পারি। এর আগে ডাঃ ফরাজী জনসংযোগ পরিচালকের কক্ষে এসে ওই প্রতিবেদককে বেঁধে রাখার ও সংসদে ঢুকতে না দেয়ার হুমকি দেন। পরে স্পিকারের দফতরে গিয়েও একই প্রসঙ্গের অবতারনা করেন তিনি।

প্রসঙ্গতঃ ১৫ জুন বাজেট বক্তব্যে ডাঃ রুস্তম আলী ফরাজী মঠবাড়িয়াকে স্ব শাসিত জেলা হিসেবে ঘোষনার দাবি জানান। পরদিন দৈনিক যুগান্তরে ভুলবশতঃ স্ব শাসিত পিরোজপুর ছাপা হলে ডাঃ রুস্তম আলী ফরাজী ক্ষিপ্ত হয়ে এই আচরণ করেন।

ডাঃ ফরাজী তার ৭০ মিনিট ব্যাপী বাজেট বক্তব্যে শুধু স্ব-শাসিত মঠবাড়িয়াই বলেননি, তিনি এই সময় ‘স্বাধীন’ শব্দটিও ব্যবহার করেছিলেন। তার এ দাবি জানানোর সময় উপস্থিত সাংসদরা হৈ হৈ করে ওঠেন।