প্যারিস উড়োজাহাজ প্রদর্শনীতে ভারতের কিংফিশার আলোচিত ক্রেতা
প্যারিসের উড়োজাহাজ প্রদর্শনীতে টানা দ্বিতীয় দিনেও লাইমলাইটে রয়েছে ভারতের এয়ারলাইন্স গুলো। বিজয় মালয়া’র কিংফিশার এয়ারলাইন্স বৃহস্পতিবার সবচেয়ে বড় আকারের এ৩৮০ এর পাঁচটি এয়ারবাস ক্রয়ের অর্ডার দিয়েছে।
ভারতের কোনও বিমানবন্দরই এ মাপের উড়োজাহাজ উঠানামার জন্য স্বয়ংসম্পূর্ণ না হওয়া সত্বেও এমন উদ্যোগ নিয়ে কিংফিশার আলোচনার তুংগে রয়েছে। তবে বিশাল আকৃতির উড়োজাহাজের দাম সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।
এছাড়া কিংফিশার কোম্পানি তিন বিলিয়ন ডলার ব্যয়ে আরও ১০টি এয়ারবাস ক্রয়ের অর্ডার দিয়েছে। এর মধ্যে পাঁচটি এ৩৫০-৮০০ এবং পাঁচটি এ৩৩০-২০০।
উড়োজাহাজ প্রদর্শনীর দ্বিতীয় দিন পর্যন্ত ভারতীয় এয়ারলাইনগুলোর পক্ষ থেকে প্রায় আট বিলিয়ন ডলারের মোট ৪০টি এয়ার ক্র্যাফট ক্রয়ের অর্ডার দেওয়া হয়েছে।
ধারণা করা হচ্ছিলো প্যারিস প্রদর্শণীতে চীনারা প্রাধান্য বিস্তার করবে। কিন্তু বাস্তবে তা ঘটেনি। এর আগে ইউরোপীয় ও মার্কিন ক্রেতারা প্রধান ভূমিকায় ছিলো।
কিংফিশার এ৩৩০ এয়ারবাসগুলো ইউরোপসহ বিভিন্ন আঞ্চলিক রুটে চালাবে। এছাড়া বৃহদাকার এ৩৫০ ও এ৩৮০ ফ্লাইটগুলো চলবে দুর-পাল্লার নন-স্টপ রুটগুলোতে।
