নোয়াখালীতে যত্রতত্র গড়ে ওঠা সোনার দোকানে নাইট্রিক এসিড ব্যবহার জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে
নোয়াখালীর বিভিন্ন উপজেলায় যত্রতত্র গড়ে ওঠা সোনার দোকানগুলোতে নাইট্রিক এসিডের ধোঁয়া জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে।
সূত্র জানায়, জেলার চাটখিল, কোম্পানীগঞ্জ, সেনবাগ, বেগমগঞ্জ এবং সদর উপজেলার মাইজদী, সোনাপুর বসুর হাটসহ বিভিন্ন স্থানে শতাধিক সোনার দোকান রয়েছে। জেলা প্রশাসন থেকে সোনার দোকানের লাইসেন্স এবং পৌরসভা ও ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে এসব সোনার দোকানের মালিকরা কোনও নিয়মকানুন না মেনে সোনা গলানোর জন্য প্রতিদিন অবাধে নাইট্রিক এসিড ব্যবহার করছে।
নিয়ম অনুযায়ী প্রতিটি সোনার দোকানে নাইট্রিক এসিড ব্যবহারের জন্য একটি আলাদা ঘর এবং ধোঁয়া ওঠার জন্য ওপরে চিমনি থাকার কথা থাকলেও সরেজমিনে গিয়ে দেখা যায়, অধিকাংশ দোকানেই সোনা গলানোর জন্য আলাদা ঘর নেই। অন্যদিকে মাত্র ৪/৫টি দোকানে শুধু ধোঁয়া ওঠার চিমনি রয়েছে।
সোনা গলানোর ধোঁয়া রীতিমত জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এর ফলে মানুষের শ্বাসকষ্টসহ অন্যান্য অনেক মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার আশংকা দেখা দিয়েছে।
