২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে পৃথক ঘটনায় ২ খুন

যশোর সদর ও অভয়নগরে বৃহস্পতিবার রাতে একজন কিশোর ও এক গ্রাম্য চিকিৎসককে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। নিহতরা হচ্ছে রুবেল এবং গ্রাম্য চিকিৎসক সুশান্ত বিশ্বাস (৩৫)।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2005, 06:27 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার লেবুতলা-বিরামপুর এলাকার আবদুল মাজেদের ছেলে রুবেল অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতেও বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিল। শুক্রবার সকালে বাড়ির পাশে একটি মেহগনি গাছের বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের পিতা জানান, জমি নিয়ে তার ভাই লতিফের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অপরদিকে, থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের রামসরা গ্রামের চিকিৎসক সুশান্ত বিশ্বাস বৃহস্পতিবার সন্ধ্যায় একটি স্যালোমেশিন নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। শুক্রবার সকালে হাত-পা বাঁধা অবস্থায় স্থানীয় ধলিরগাতি বিলে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। কে বা কারা তাকে শ্বাসরোধ করে হত্যা করে বিলে ফেলে রেখে গেছে এবং খুনের কারণ কী, তা জানা যায়নি।