লাশ দাফনে ‘সমাজপতি’দের বাধা
তথাকথিত সমাজপতিদের বাধার কারণে মৃত্যুর পর নিজ এলাকায় ঠাঁই হলো না হতভাগা এক যুবকের। যেন মরেও রেহাই নেই তার। বুধবার আত্মহত্যার পর শুক্রবার সমাহিত হলেন নিজ এলাকার বাইরে।
১৫ জুন স্ত্রীর সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করে কক্সবাজারের উত্তর নুনিয়াছড়া এলাকার মনির আহমদ।
‘সমাজপতি’দের চাপে নিজ এলাকার কবরস্থানে সমাহিত হওয়ার সুযোগ পায়নি মনির। শেষমেশ তার লাশ দাফন করা হয় সাগরপারের ঝাউবাগানে।
কক্সবাজার শহরতলীর উত্তর নুনিয়াছড়া এলাকার মৃত দীল মোহম্মদ মাঝির পুত্র মনির আহমদ দীর্ঘদিন ধরে চৌফলদন্ডী ইউনিয়নের কালুফকিরপাড়ায় শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকতো। ১৫ জুন বিষপান করার পর রাতে হাসপাতালে তার মৃত্যু হয়।
ময়নাতদন্ত শেষে মনিরের লাশ নিজ এলাকা উত্তর নুনিয়াছড়ায় নিয়ে আসা হয় এবং স্থানীয় কবরস্থানে দাফনের উদ্যোগ নেওয়া হয়। এ সময় সমাজপতি পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি লাশ দাফনে বাধা দেয়। তাদের ভাষ্য-বিষপানে আত্মহত্যাকারীর লাশ দাফন করতে দেয়া হবে না।
পুলিশ ঘটনাস্থলে এসেও ‘সমাজপতি’দের নিবৃত্ত করতে পারেনি।
