ডিইপিজেড-এ অগ্নিকাণ্ড, কোটি টাকার সম্পদ পুড়ে ছাই
ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এর রিংসাইন টেক্সটাইল মিল লিমিটেডে শুক্রবার সকালে আগুন লেগে কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী জানায়, তাইওয়ানের মালিকাধীন একশ’ভাগ রপ্তানীমুখী মিলটির সোয়েটার ডিভিশনের উইন্ডিং সেকশনের নীচ তলায় সকাল পৌনে ৭ টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট ফলে হঠাৎ আগুন ধরে যায়।
এরপর মিলের নিজেস্ব দমকল বাহিনীর কর্মীরা ও অফিস কর্মকর্তা আগুন নিভাতে চেষ্টা করেন। সকাল সাড়ে ৭ টায় ইপিজেট, সাভার ও টঙ্গির দমকল বাহিনীর কর্মিরা চার ঘন্টা চেষ্টা চালিয়ে বেলা ১১ টার দিকে আগুনের প্রকপ কমে আসে।
রাত ৮টার দিকে দমকল কন্ট্রোল রুম জানায়, আগুন নেভাতে মোট ১১ ইউনিট সেখানে সন্ধ্যা পর্যন্ত কাজ করে ১০ টি ইউনিট ফিরে আসে। অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে এখনো কোনো তথ্য নেই।
অগ্নিকাণ্ডে মিলের টেক্সটাইল সামগ্রী ও যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায়। উইডিং সেকশনের ছাদ ও দেয়াল ধ্বসে পড়ে। মিল কর্তৃপক্ষ প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানান।
এদিকে শুক্রবার মিল বন্ধ থাকায় এই ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনা সত্বেও মিলের উৎপাদন অব্যহত থাকবে বলে মিল কর্তৃপক্ষ জানান।
আগুন লাগার সংবাদ পাবার পর বেজপা কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
