কুষ্টিয়ায় পুলিশ-চরমপন্থী বন্দুকযুদ্ধ, ২ চরমপন্থী নিহত
জেলার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের ছিলিমপুর গ্রামের মাঠে শনিবার ভোর ৪টার দিকে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই চরমপন্থী নিহত হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে দুই চরমপন্থী হাসু ও পাখী মোল্লাকে গ্রেফতার করা হয়। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা তাদের বাহিনী ও অস্ত্র ভান্ডারের সন্ধান দেয়। তাদের দেওয়া জবানবন্দি অনুযায়ী পুলিশ অভিযানে বের হয়।
শনিবার ভোর ৪টার দিকে পুলিশ খলিশাকুন্ডি ইউনিয়নের ছিলিমপুর গ্রামের মাঠে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা চরমপন্থীরা পুলিশের ওপর গুলিবর্ষণ শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়।
পুলিম-চরমপন্থী বন্দুকযুদ্ধ চলাকালে পুলিশী হেফাজত থেকে পালিয়ে যাওয়ার সময় ক্রসফায়ারে পড়ে গণবাহিনীর ক্যাডার উপজেলার শশীধরপুর গ্রামের হাসু (৪০) ও স্থানীয় শেহালা গ্রামের পাখী মোল্লা (২৮) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে ১টি শাটার গান ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, হাসুর বিরুদ্ধে দৌলতপুর থানায় ৩টি হত্যাসহ অস্ত্র ও চাঁদাবাজির ৬টি মামলা এবং পাখী মোল্লার বিরুদ্ধে ২টি হত্যাসহ ৫টি মামলা রয়েছে।
