মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী গৌরচন্দ্র বালা পরলোকে
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সাবেক মন্ত্রী গৌর চন্দ্র বালা শনিবার ভোরে ফরিদপুরের ঝিলটুলিস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেছেন।
মৃত্যুকালে কার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র ও কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৫৫ সালে গৌরচন্দ্রবালা পাকিস্তান গণপরিষদ সদস্য নির্বাচিত হন। ১৯৫৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে আতাউর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের কোয়ালিশন সরকারের প্রথম বনমন্ত্রী এবং পরবর্তীকালে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
১৯৬৬ সালে তিনি জেলা সহসভাপতি হিসেবে ৬ দফা সমর্থনে ফরিদপুর অঞ্চলে ব্যপক গণসংযোগ করেন। ১৯৭০ সালে তিনি ফরিদপুর ১ আসন থেকে বিপুল ভোটে বিপুল ভোটে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের দক্ষিণ পশ্চিম জোন-২ এর কার্যকরি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যাকান্ডের পর তিনি সক্রিয় রাজনীতি থেকে অবসর নিয়ে সামাজিক কর্মকান্ডে জড়িয়ে পড়েন।
মুক্তিযুদ্ধের সংগঠক এবং সাবেক মন্ত্রী গৌর চন্দ্র বালার এই মৃত্যুতে ফরিদপুর জেলায় শোকের ছায়া নেমে আসে। শনিবার দুপুরে শহরের আম্বিকা ময়দানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তার মরদেহ ফরিদপুর আইনজীবী ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মরদেহে পুষ্পমাল্য অর্পন করে শেষ শ্রদ্ধা জানানো হয়। রোববার তার প্রতি শ্রদ্ধা জানাতে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হবে। আগামী সোমবার লন্ডন প্রবাসী মেঝ ছেলে দেশে ফিরলে তার শেষকৃত্যানুষ্ঠান গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।
সাবেক এ মন্ত্রীর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে।
