সুপ্রিম কোর্ট নীলুফার হত্যা মামলায় হাইকোর্টের আদেশ স্থগিত রেখেছে
সুপ্রিম কোর্ট নীলুফার রশিদ হত্যা মামলায় নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি স্বামী কাজী মাহবুব উদ্দিন আহমেদকে খালাস প্রদানের হাইকোর্টের আদেশ দু সপ্তাহের জন্য স্থগিত করেছে।
সরকারের দায়েরকৃত একটি আবেদনের শুনানি শেষে বিচারপতি জেআর মোদাচ্ছির ও অন্য দু’জন বিচারপতির সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি বেঞ্চ এ স্থগিতাদেশ প্রদান করে।
গত ১৫ জুন বিচারপতি একে বদরুল হক এবং বিচারপতি ফজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ মামলায় কাজী মাহবুবকে খালাস প্রদান করেন।
মরহুম বিচারপতি হারুন উর রশিদ খানের কন্যা নীলুফার রশিদকে ১৯৯২ সালের ২ ডিসেম্বর রাজধানীর বাসাবো এলাকায় তার স্বামীর বাড়িতে হত্যা করা হয়।
হত্যা মামলায় ২০০৩ সালের ২৭ সেপ্টেম্বর নীলুফারের স্বামী কাজী মাহবুবকে নিম্ন আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। ২০০৩ সালের ১৯ নভেম্বর কাজী মাহবুব উদ্দিন আহমেদকে হাইকোর্ট এ মামলায় জামিন প্রদান করেন। ২০০৪ সালের ২০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট মাহবুবের জামিনের আদেশ বাতিল করে এবং দু সপ্তাহের মধ্যে বিচার আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেন।
কিন্তু কোর্টে উপস্থিত না হয়ে তিনি আত্মগোপন করে থাকেন। ২০০৪ সালের ৩০ অক্টোবর সুপ্রিম কোর্ট তার আপিল আবেদনটি খারিজ করে দেন। এ বছরের ১৯ এপ্রিল নীলুফার স্বামী কাজী মাহবুব নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন।
এটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, অতিরিক্ত এটর্নি জেনারেল আব্দুর রেজ্জাক খান এবং ডেপুটি এটর্নি জেনারেল আব্দুর রউফ মিয়া রাষ্ট্রের পক্ষে এবং অ্যাড মাহবুবুর রহমান আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন।
