২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ১ জনের যাবজ্জীবন

মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত একটি হত্যা মামলায় দুজনকে ফাঁসি এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত অভিযুক্ত অপর দুজনকে বেকসুর খালাস দিয়েছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2005, 04:46 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

রোববার দুপুরে জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ এ রায় দেন। ফাঁসির আসামিরা হলো-মো. শাহী এবং মো. আবেদ আলী। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. দুখু। বেকসুর খালাসপাপ্ত আসামিরা হলো-শুকুর ও তারাচান।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ১৭ জুন গভীর রাতে জেলার গাংনি উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের হারুর-অর-রশীদের বাড়িতে হানা দিয়ে শাহী, আবেদ, দুখু, শুকুর, তারচানসহ কয়েকজন হারুর-অর-রশীদকে ঘর থেকে বের করে আনে এবং কুপিয়ে জখম করে। এ সময় হারুনের ভায়রা ভাই শরীফুল ইসলাম এগিয়ে এলে সন্ত্রাসীরা তার ওপরও হামলা চালায়। মারাত্মক আহত হারুন পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে পিস্তল দিয়ে গুলি করে। পরে হাসপাতালে নেওয়ার পর হারুন মারা যায়। এ ব্যাপারে হারুনের চাচাত ভাই মোস্তান আলী বাদী হয়ে গাংনি থানায় মামলা দায়ের করেন। আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।